বাংলা হান্ট ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণ দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলপিতে (Kulpi)। গোটা এলাকার পরিবেশ থমথমে। এই বিস্ফোরণ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।
বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলপি
এই ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্কের পরিবেশ গাজীপুর পঞ্চায়েতের ছামনা বুনি গ্রামে। বিস্ফোরণে তৃণমূল নেতার গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছামনা বুনি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইকের গাড়িতে এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের সময় গাড়িটি একটি অ্যাসবেস্টসের ছাউনির নিচে রাখা ছিল। এতটাই জোরে বিস্ফোরণ ঘটেছে যে গাড়ির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ছাউনি ভেঙে ছড়িয়ে গেছে।
কুতুবউদ্দিন অভিযোগ জানিয়েছে যে, তাঁর বাড়িতে এর আগেও বোমাবাজির ঘটনা ঘটেছে, তাঁর অভিযোগ অনুযায়ী বিরোধীদল এই কাজে লিপ্ত। শুক্রবার রাত একটা নাগাদ বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটে। লোকজন তাঁকে জানায়, দোকান এবং গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। তিনি এসে দেখেন সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। কুতুবুদ্দিনের বক্তব্য অনুসারে আইএসএফ এবং কংগ্রেসের লোকজন এর সঙ্গে জড়িয়ে রয়েছে তিনি ঘটনার পুলিশি তদন্ত চেয়েছেন।
আরও পড়ুন:ভারত-EU বাণিজ্যচুক্তিতেই হল বাজিমাত! লাফিয়ে বাড়বে দার্জিলিং চায়ের রপ্তানি, খুশি বণিকমহল
তবে আইএসএফ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি যে, সামনে ভোট, তাই তৃণমূলের লোকেরাই বোমা মজুত করেছিলেন এবং সেই বোমা ফেটে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত গাড়িটাকে ফরেন্সিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন:নির্বাচনের আগে মতুয়া ভোটব্যাঙ্কে জোর, নতুন চারটি প্রকল্পের ঘোষণা রেলের

কীভাবে বিস্ফোরণ ঘটেছে সে ব্যাপারে পুলিশ এখনও কোন মন্তব্য করেনি। ভোটের আগে এই বিস্ফোরণ যথেষ্ট চিন্তা বাড়িয়েছে সাধারণ মানুষের। রাজনৈতিক উত্তেজনার পারদ দিন দিন বাড়ছে। তার মধ্যে এরকম ঘটনা নতুন করে রাজনৈতিক সংঘর্ষের সম্ভাবনা বাড়িয়ে তুলল।











