বাংলাহান্ট ডেস্ক: শীতের মরশুমে যেখানে সাদা বরফে ঢেকে থাকার কথা হিমালয়ের বিস্তীর্ণ এলাকা, সেখানে এখন আগুনের লেলিহান শিখা ভয় ধরাচ্ছে। উত্তরাখণ্ডের (Uttarakhand) বিশ্ববিখ্যাত ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ এবং নন্দাদেবী জাতীয় উদ্যান সংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। পরিস্থিতির ভয়াবহতা এতটাই যে আগুন নেভাতে মাঠে নামানো হয়েছে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার। দাবানল এত বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে যে তা মহাকাশ থেকেও স্পষ্টভাবে ধরা পড়ছে।
দাবানলের আগুনে জ্বলছে উত্তরাখণ্ডের (Uttarakhand) ভ্যালি অফ ফ্লাওয়ার্স
সরকারি সূত্রের খবর, জানুয়ারি মাসের শুরু থেকেই উত্তরাখণ্ডের একাধিক পাহাড়ি বনাঞ্চলে আগুনের সূত্রপাত হয়। আবহাওয়াবিদ ও বন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, এ বছর শীতকালে এই অঞ্চলে প্রায় কোনও বৃষ্টিপাত বা তুষারপাত হয়নি। দীর্ঘদিনের এই শুষ্ক আবহাওয়ার ফলে বনভূমির মাটি, ঘাস ও গাছপালা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে অত্যন্ত দাহ্য অবস্থায় পৌঁছেছে। দুর্গম পাহাড়ি এলাকায় প্রবল হাওয়া বইতে থাকায় আগুন দ্রুত এক এলাকা থেকে অন্য এলাকায় ছড়িয়ে পড়ছে।
আরও পড়ুন: জলসীমা লঙ্ঘন করে উপকূলের কাছে ঘোরাঘুরি! গুজরাটে সৈকতের কাছে আটক পাকিস্তানি নৌকা
ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, পরিস্থিতির গুরুত্ব বুঝে উত্তরাখণ্ডের জন্য ইতিমধ্যেই ১৬০০টিরও বেশি বনাগ্নি সংক্রান্ত সতর্কবার্তা জারি করা হয়েছে। রাজ্যের একাধিক সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যানের আশপাশে নজরদারি আরও বাড়ানো হয়েছে। তবে দুর্গম ভূপ্রকৃতি ও রাস্তার অভাবে অনেক জায়গায় আগুন নেভানোর কাজে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বনকর্মীরা।
পরিবেশবিদদের মতে, এই অস্বাভাবিক দাবানলের পেছনে জলবায়ু পরিবর্তন বড় ভূমিকা নিচ্ছে। ক্রমশ উষ্ণ ও শুষ্ক হয়ে ওঠা শীতকাল হিমালয় অঞ্চলের স্বাভাবিক পরিবেশকে বদলে দিচ্ছে। এর ফলে একদিকে যেমন বনাগ্নির ঝুঁকি বাড়ছে, তেমনই বিপন্ন হয়ে পড়ছে হিমালয়ের বিরল উদ্ভিদ ও প্রাণীজগত। পাশাপাশি আগুনের কারণে মাটির উপরিভাগ ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবিষ্যতে ভূমিক্ষয় ও ভূমিধসের আশঙ্কাও বাড়ছে।

ইউরোপীয় মহাকাশ সংস্থা পরিচালিত কোপারনিকাস সেন্টিনেল-২ উপগ্রহের চিত্রেও এই দাবানলের ভয়াবহতা ধরা পড়েছে। ২০২৫ সালের ৯ ডিসেম্বর তোলা স্যাটেলাইট ছবিতে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় আগুনের চিহ্ন স্পষ্ট দেখা যায়। ২০২৬ সালের জানুয়ারিতেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি বলে দাবি বিশেষজ্ঞদের। বরং নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভের কিছু অংশে নতুন করে তীব্র দাবানল ছড়িয়ে পড়ায় উদ্বেগ আরও বেড়েছে।












