রাজ্য পুলিশের শারীরিক সক্ষমতা বাড়াতে থানায় থানায় জিম! জারি করা হল বিজ্ঞপ্তি

Published on:

Published on:

Government of West Bengal to make gym in police station and unit headquarters

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য পুলিশের (West Bengal Police) শারীরিক সক্ষমতা বাড়াতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (Government of West Bengal)। এবার সরকারিভাবে থানায় থানায় জিম তৈরি করা হবে। গত ৩০ অক্টোবর রাজ্য পুলিশ ডিরেক্টরেটের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

থানায় থানায় জিম তৈরি করবে রাজ্য | (Government of West Bengal)

মূলত পুলিশকর্মীদের সুস্থতা, শারীরিক সক্ষমতা ও সহনশক্তি বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে রাজ্য। রাজ্যের সব থানার পাশাপাশি ইউনিটের সদর দফতরেও জিম তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে সরকারি ই-মার্কেটপ্লেস বা ই-টেন্ডারের মাধ্যমে জিমের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে বলা হয়েছে।

Government of West Bengal

রাজ্য পুলিশের তরফে কমিশনার, জেলা পুলিশ সুপার ও ইউনিট প্রধানদের কাছে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় দরপত্র প্রক্রিয়া শেষ করতে হবে। আগামী ২১ ডিসেম্বরের মধ্যে তার নথি ভবানী ভবনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ রেশনে পোকা ধরা চাল বা কম চাল দিচ্ছে? বাড়ি বসে অভিযোগ জানানোর সহজ উপায় জানুন

নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের নানা জেলা ও পুলিশ কমিশনারেটের অধীনস্থ ৫৭৬টি থানার জন্য জিমের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি নানা পুলিশ ইউনিট ও ব্যাটালিয়নের সদর দফতরের জন্য আরও ৬৫টি জিমের সরঞ্জাম বরাদ্দের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রত্যেকটি থানায় জিমের জন্য সর্বাধিক ২ লক্ষ টাকা ও ইউনিট হেডকোয়ার্টারগুলির জন্য মাথাপিছু সর্বাধিক ৫ লক্ষ টাকা ব্যয়ের সীমা স্থির করা হয়েছে। থানার জিমগুলিতে ডাম্বেল, বারবেল, ইউটিলিটি বেঞ্চ, স্কোয়াট র‍্যাক, ম্যাট্রেস, জিম মিরর, হাই পুল বার, পুল আপ বার ও ফাংশনাল ট্রেনার থাকবে।

ইউনিট হেডকোয়ার্টারগুলির জিমে এগুলির পাশাপাশি আরও কিছু উন্নত সরঞ্জাম রাখার পরিকল্পনা রাখা হয়েছে। এই জিমগুলিতে লেগ এক্সটেনশন ও লেগ কার্ল বেঞ্চ, স্পিন বাইক, পেক ডেক ফ্লাই, অলিম্পিক বারবেল প্লেট, মোটরচালিত ট্রেডমিল ও কেবল অ্যাটাচমেন্ট রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, জিমের জন্য যথাযথ জায়গা চিহ্নিত করে তা তৈরির ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের। কোনও ইউনিটে যদি আগে থেকেই জিম থাকে, তাহলে প্রয়োজন অনুসারে পুরনো সরঞ্জামের বদলে নতুন সরঞ্জাম কেনা যাবে।

অনেক সময় রাজ্য পুলিশের একাংশের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে দেখা যায়। এবার সেই শারীরিক সক্ষমতা বাড়াতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। এর ফলে পুলিশকর্মীদের সহনশক্তি ও সুস্থতাও বাড়বে বলে মনে করা হচ্ছে।