বাংলা হান্ট ডেস্কঃ নতুন সরকার ক্ষমতায় আসার পর গত মাসে ২৭ তারিখ সুপ্রিম কোর্টে ছিল DA মামলার শুনানি। রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম পে কমিশনের DA মামলার (Dearness Allowance) শুনানি এখনও ঝুলছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। এর আগে শেষবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠেছিল।
সুপ্রিম কোর্টে ডিএ মামলা জুলাইয়ে | Dearness Allowance
সেই সময় কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করবেন রাজ্য সরকারের কর্মচারীদের সঙ্গে। আশা করা হচ্ছে, ডিএ সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে।’ এরপর পয়লা জুন রাজ্য সরকারি কর্মচারী কয়েকটি সংগঠনের সাথে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মেটানোর কাজও চলছে। বাড়ানো হয়েছে ষষ্ঠ পে কমিশনের আওতায় ডিএ।
সেই সময় নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য সুপ্রিম কোর্টের কাছে কিছুটা সময় চেয়েছিলেন মামলাকারীরা। এরপরই জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে বলে জানায় সুপ্রিম কোর্ট। একইসাথে রাজ্যকে দিতে বলা হয়েছিল ‘স্টেটাস রিপোর্ট’।
রাজ্যে নতুন সরকার গঠনের পর বকেয়া মহার্ঘ ভাতার টাকা মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে? এই বিষয়ে জানতে চেয়ে রাজ্যের কাছে ‘স্টেটাস রিপোর্ট’ চেয়েছিল সর্বোচ্চ আদালত। পরবর্তী শুনানির আগেই রাজ্য সরকারকে তাদের সদিচ্ছা ও পদক্ষেপের খতিয়ানের রিপোর্টটি আদালতে পেশ করার নির্দেশ ছিল। সূত্রের খবর, জুলাই মাসের তৃতীয় সপ্তাহে বকেয়া ডিএ মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: মালামাল হচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা, DA বৃদ্ধির পর আসছে আরও এক সুখবর
উল্লেখ্য, পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় তৎকালীন তৃণমূল সরকারকে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল, বকেয়া ডিএ-র ১০০ শতাংশই মেটাতে হবে। ২৫% মেটানোর পর বাকি অর্থ ধাপে ধাপে পরিশোধ করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই লক্ষ্যে একটি কমিটিও গঠন করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।













