বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক মজুতের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে স্পেশ্যাল টাস্ক ফোর্স (West Bengal STF)। সেই অভিযানে এবার বড় সাফল্য মিলল বীরভূমে। একটি গ্রামের গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করলেন STF আধিকারিকরা। একই সঙ্গে আসানসোলেও পৃথক অভিযানে উদ্ধার হয়েছে একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পরপর এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
West Bengal: গোপন আস্তানায় কী কী উদ্ধার হল?
ঘটনাটি বীরভূমের মুরারই থানার বড়ুয়া গোপালপুর গ্রামের ঘটনা। গতকাল ভোররাতে সেখানে বিশেষ অভিযান চালায় রাজ্য পুলিশের (West Bengal STF)। দুষ্কৃতীদের একটি গোপন ডেরায় তল্লাশি চালিয়ে তদন্তকারীরা উদ্ধার করেন ১,১৫০টি জিলেটিন স্টিক, ৯৮৯টি ডিটোনেটর এবং ১২,০০০ মিটার ডিটোনেটিং কর্ড।

এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মহম্মদ রেজা শেখ ও মুকেশ সিং নামে দু’জনকে। তবে এত বিস্ফোরক কোথা থেকে এল, কী উদ্দেশ্যে সেগুলি জমা করা হয়েছিল, তা এখনও জানা যায়নি। এর পিছনে কোনও নাশকতার ছক ছিল কি না, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুনঃ রাজ্যের সমস্ত স্কুলে বিশেষ কর্মসূচী শিক্ষা দপ্তরের
ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক মজুতের আসল কারণ জানার চেষ্টা চলছে। পাশাপাশি, সেগুলি কোথায় বা কী কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল, তা তদন্ত করছে STF-এর অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ATS)।
পাণ্ডবেশ্বরে পরপর অভিযানে উদ্ধার ২১টি আগ্নেয়াস্ত্র
এদিকে বীরভূমের পাশাপাশি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকাতেও বেআইনি অস্ত্রের খোঁজে অভিযান চালিয়েছে STF। গত ৩ ও ৫ নভেম্বর পাণ্ডবেশ্বর থানা এলাকায় দুটি পৃথক অভিযান হয়। সেখান থেকে মোট ২১টি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং ৬৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় প্রথমে শেখ শাহজাহান নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁর সঙ্গে অবৈধ কয়লা ব্যবসার যোগ রয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ এবং তদন্তের সূত্র ধরে খাইরুল আলম ও মহম্মদ সামশের নামে আরও দু’জনকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৫৭ রাউন্ড কার্তুজ।
অর্থাৎ, একদিকে বীরভূমে বিস্ফোরকের বিশাল মজুত, অন্যদিকে পাণ্ডবেশ্বরে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তৎপর STF (West Bengal STF)। বেআইনি অস্ত্র ও বিস্ফোরকের বিরুদ্ধে রাজ্যজুড়ে এই অভিযান আগামী দিনেও চালানো হবে বলে জানানো হয়েছে।












