বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর পড়ে গেলেও রাজ্য থেকে বৃষ্টি বিদায় হওয়ার নাম নেই। মহালয়ার দিনও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আটটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই আবহে পুজোর কোন দিন কেমন আবহাওয়া থাকতে পারে, সেই আপডেট (Weather Update) সামনে এল। পুজোর ওয়েদার নিয়ে আবহাওয়া দফতরের পূর্বাভাস কী বলছে জেনে নিন।
আজ কোন কোন জেলায় বৃষ্টি? | (South Bengal Weather)
থাইল্যান্ড উপসাগর ও সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতা অবধি বিস্তৃত ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত এখনও আছে। এটি প্রায় আগামী ১১ অক্টোবর নাগাদ আন্দামান সাগরে উদ্ভূত হওয়ার সম্ভাবনা আছে। এর জেরে আগামী ১৩ অক্টোবর নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
আরও পড়ুনঃ ১ লাখ টাকা বিনিয়োগে পোস্ট অফিসের কোন স্কিমে সবচেয়ে বেশি রিটার্ন? হিসাব বুঝুন
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ষষ্ঠী ও প্রথম সপ্তমীর দিন কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এই দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
দ্বিতীয় সপ্তমী ও অষ্টমীর দিনও দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে নবমী ও দশমী মূলত শুষ্কই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই দু’দিন কোনও জেলাতেই বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। অন্যদিকে পুজোর সময় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।
মহালয়ার দিন অবশ্য দক্ষিণবঙ্গের আটটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের একটি বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা অল্প বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলি মূলত শুষ্ক থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের জেলায় জেলায়ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আইএমডি জানিয়েছে, মহালয়ায় উত্তরের সব জেলার একটি বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা হালকা বৃষ্টি হতে পারে।
সব মিলিয়ে, মহালয়া থেকে শুরু করে পুজো, আপাতত রাজ্যে বৃষ্টির ইনিংস শেষ হচ্ছে না। পুজো অবধি মোটামুটি এই ধারা বজায় থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।













