বাংলাহান্ট ডেস্ক : রাজ্য জুড়ে চলছে এসআইআর (SIR) এর শুনানি পর্ব। প্রায় ৩৪ লক্ষ আনম্যাপড ভোটার অর্থাৎ ২০০২ সালের তালিকার সঙ্গে যাদের কোনও মিল পাওয়া যায়নি, তাদের ডেকে পাঠানোর কাজ চলছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, অধিকাংশ আনম্যাপড ভোটারদেরই শুনানির নোটিশ পাঠানো হয়ে গিয়েছে। সেই নোটিশে ডেকে পাঠানোর কারণের পাশাপাশি একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করে দেওয়া হচ্ছে। ওইদিনই নির্দিষ্ট জায়গায় হাজিরা দিতে হবে ভোটারদের।
এসআইআর (SIR) শুনানির জন্য যাচ্ছে নোটিশ
শুনানির জন্য জেলাশাসক, মহকুমা শাসক বা বিডিও অফিসের মতো জায়গায় ডেকে পাঠানো হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, শুনানির নোটিশে যে নির্দিষ্ট তারিখের উল্লেখ রয়েছে, সেদিন যদি কেউ উপস্থিত থাকতে না পারেন তবে কী হবে? তাহলে কি তাঁর ভোটার কার্ড বাতিল হয়ে যাবে?

নির্দিষ্ট তারিখে উপস্থিত থাকতে না পারলে কী হবে: নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি জরুরি প্রয়োজনে ওই তারিখে শুনানিতে উপস্থিত না হতে পারেন তবে তিনি তারিখ বদল করার আবেদন করতে পারেন। নিজের বিএলওর সঙ্গে কথা বলে এই আবেদন করা যেতে পারে।
আরও পড়ুন : বছরও ঘুরল না, ছয় মাসের মাথাতেই শেষ জনপ্রিয় ধারাবাহিক
কী জানাল কমিশন: কমিশনের (SIR) তরফে আরও বলা হয়েছে, রাজ্যের বাইরে কর্মরত সরকারি কর্মচারী, সেনা জওয়ান, পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর কর্মীরা পাবেন ছাড়। তাদের সশরীরে শুনানির জন্য হাজিরা না দিলেও চলবে। উচ্চশিক্ষার জন্য বা বেসরকারি সংস্থায় চাকরিসূত্রে যারা অন্য রাজ্যে রয়েছেন, কর্মসূত্রে, শিক্ষার প্রয়োজনে বিদেশে অবস্থানরত ব্যক্তিরা, অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ব্যক্তিরাও পাবেন এই সুবিধা।
আরও পড়ুন : নেতাজির প্রপৌত্রকেও দেখাতে হবে কাগজ! শুনানিতে ডাকা নিয়ে ব্যাখ্যা দিল কমিশন
যারা সশরীরে উপস্থিত থাকতে পারবেন না তাদের পরিবারের কোনও সদস্যকে নথি নিয়ে উপস্থিত থাকতে হবে। তবে তাকে মূল ভোটারের সঙ্গে পারিবারিক সম্পর্কের বৈধ প্রমাণপত্র দেখাতে হবে। কমিশনের আগের নির্দেশিকা অনুযায়ী, যে ১৩ টি নথি গ্রাহ্য হবে তার মধ্যেই প্রয়োজনীয় প্রমাণ দেখাতে হবে।













