বাংলাহান্ট ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অন্যতম জনপ্রিয় তীর্থক্ষেত্র হল অমরনাথ (Amarnath Yatra)। অত্যন্ত দুর্গম এই তীর্থক্ষেত্র দর্শনের জন্য প্রতি বছর অসংখ্য মানুষ মুখিয়ে থাকে। এবারের অমরনাথ যাত্রার দিনক্ষণও ঘোষণা করা হয়েছে সম্প্রতি। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ এর বার্ষিক তীর্থযাত্রা শুরু হবে ৩ জুলাই আর শেষ হবে ২০২৬ এর ২৮ অগাস্ট রাখি পূর্ণিমার দিন। মোট ৫৭ দিন ধরে চলবে এবারের তীর্থযাত্রা।
কবে শুরু হবে অমরনাথ যাত্রা (Amarnath Yatra)?
২০২৬ এর ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হবে অমরনাথ যাত্রা। তার আগে মহাদেবের আশীর্বাদ লাভের জন্য অনুষ্ঠিত হবে প্রথম পুজো। ২৯ জুন জৈষ্ঠ্য পূর্ণিমার দিন অনুষ্ঠিত হবে এই পুজো। তীর্থযাত্রার জন্য এক আধ্যাত্মিক আবহ তৈরি করে এই পুজো। খুব শীঘ্রই শুরু হতে চলেছে তীর্থযাত্রার রেজিস্ট্রেশন।

রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক: তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং ভিড় সামলানোর জন্য অগ্রিম রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক অমরনাথ যাত্রার ক্ষেত্রে। ১৫ এপ্রিল থেকে শুরু হবে এবারের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। অনলাইন এবং অফলাইন দুভাবেই রেজিস্ট্রেশন করা যাবে। অফলাইন পদ্ধতিতে দেশজুড়ে অবস্থিত জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক, এসবিআই, পিএনবি এবং ইয়েস ব্যাঙ্কের একাধিক শাখায় গিয়ে করা যাবে রেজিস্ট্রেশন। বিভিন্ন ব্যাঙ্কের ৫৫৪ টি শাখায় গিয়ে করা যাবে রেজিস্ট্রেশন।
আরও পড়ুন : সঙ্গীতজগতে ইন্দ্র পতন, লক্ষ লক্ষ অনুরাগীদের কাঁদিয়ে প্রয়াত আশা ভোঁসলে
কীভাবে করবেন রেজিস্ট্রেশন: অমরনাথ যাত্রার (Amarnath Yatra) শ্রাইন বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে করা যাবে অনলাইন রেজিস্ট্রেশন। উল্লেখ্য, অমরনাথ যাত্রা যথেষ্ট দুর্গম। উচ্চতা এবং কঠিন ভৌগোলিক পরিস্থিতির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। রেজিস্ট্রেশনের জন্য অনুমোদিত চিকিৎসক কর্তৃক প্রদত্ত একটি বাধ্যতামূলক মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন। স্বাস্থ্য পরীক্ষা এবং বৈধ অনুমতিপত্র ছাড়া কোনও তীর্থযাত্রীকেই অমরনাথ যাত্রার জন্য অগ্রসর হতে দেওয়া যাবে না।
আরও পড়ুন : নতুন বছরে পাতে পড়ুক মাটনের এই পদ, জমে যাবে পয়লা বৈশাখ
জানা যাচ্ছে, ঐতিহ্যবাহী পহেলগাঁও এবং বালতাল দুই পথেই তীর্থযাত্রাটি পরিচালিত হবে। তীর্থযাত্রীদের জন্য নিরাপত্তা, চিকিৎসা শিবির এবং থাকার ব্যবস্থা চূড়ান্ত করার কাজও শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি প্রশাসন পরামর্শ দিয়েছে তীর্থযাত্রীদের গরম কাপড় এবং প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখার।












