বাংলাহান্ট ডেস্ক : কবি সুভাষ মেট্রো স্টেশন (Kolkata Metro) বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই চরম ভোগান্তি চলছে ব্লু লাইনের যাত্রীদের। কবি সুভাষ স্টেশনের পিলারে ফাটল ধরায় তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় সমগ্র স্টেশন। তারপর থেকে সাময়িক ভাবে উত্তর দক্ষিণ করিডরের দক্ষিণ অংশের প্রান্তিক স্টেশন হিসেবে ঘোষণা করা হয় শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনকে। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে মেট্রো।
কাজ শুরু হয়েছে কবি সুভাষ মেট্রো (Kolkata Metro) স্টেশনে
গত জুলাই মাসে স্টেশনের চারটি পিলারে ফাটল দেখা দেয়। স্টেশনের পরিস্থিতি নিয়ে মেট্রোর ইঞ্জিনিয়াররাও উদ্বেগ প্রকাশ করলে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় স্টেশনটি। দীর্ঘদিন প্ল্যাটফর্মের মাথার ছাউনি খোলা অবস্থায় পড়ে ছিল। তবে অবশেষে শুরু হয়েছে কাজ। আর এবার জানা গেল কবে নাগাদ শুরু হবে স্টেশনের পরিষেবা।

কবে খুলবে স্টেশন: জানা যাচ্ছে, সমগ্র মেট্রো স্টেশনের সংস্কার এবং পুনর্নির্মাণের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এবার যাত্রীদের এই স্টেশন খুলে দেওয়ার পরিকল্পনা করছে মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, দুর্গাপুজোর সময় যাত্রীদের জন্য কবি সুভাষ স্টেশন খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে মেট্রোর। সেই হিসেবে দ্রুত মেট্রোর (Kolkata Metro) কাজ সম্পূর্ণ করছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন : টিজার নিয়ে বিতর্ক, পিছিয়ে যেতে পারে সলমনের ‘ব্যাটল অফ গালওয়ান’এর মুক্তি! কিন্তু কেন?
উদ্যোগ নিয়েছেন রেলমন্ত্রী: উল্লেখ্য, কবি সুভাষ স্টেশন বন্ধ হয়ে যাওয়াতে গুরুতর সমস্যায় পড়েছেন বহু যাত্রী। বিশেষ করে শিয়ালদহ দক্ষিণ শাখার অনেক রেল যাত্রী বাধ্য হয়ে বিকল্প রাস্তা বেছে নিয়েছেন। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় বলেন, কবি সুভাষ মেট্রো স্টেশনের আপলাইনের প্ল্যাটফর্মে কাঠামোগত সমস্যা রয়েছে। সেই কারণেই পিলারে ফাটল ধরেছে। দ্রুত তা মেরামতির কাজও চলছে।
আরও পড়ুন : প্যান্ট্রি না থাকলেও চিন্তা নেই, পছন্দমতো খাবার পৌঁছে যাবে যাত্রীদের বার্থে, নতুন অ্যাপ আনল IRCTC
রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এরপরেই কবি সুভাষ মেট্রো স্টেশন দ্রুত নির্মাণের জন্য কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে নির্দেশ দেন রেলমন্ত্রী। তাতেই আরও দ্রুত কাজ শুরু হয়েছে বলে খবর।












