বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ২০২৬ সালের মে মাস থেকে রান্নার গ্যাস তথা LPG (Liquefied Petroleum Gas) গ্রাহকদের জন্য নতুন নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত, পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনা এখন সরাসরি ভারতীয় গ্যাস সিলিন্ডার গ্রাহকদের প্রভাবিত করছে। ফলস্বরূপ, সরকার এবং তেল সংস্থাগুলি নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করতে বুকিং এবং ডেলিভারি ব্যবস্থায় ক্রমাগত পরিবর্তন আনছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
১ মে থেকে বদলাবে LPG সিলিন্ডার (Liquefied Petroleum Gas) বুকিংয়ের নিয়ম?
প্রথমে দামের কথা বলা যাক: সাম্প্রতিক দিনগুলিতে LPG সিলিন্ডারের দাম বেড়েছে। ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ৬০ টাকা বেড়েছে। এদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক মাসে ৩ বার বেড়েছে। সুতরাং, আগামী ১ মে, ২০২৬ থেকে এই দাম আবারও পরিবর্তিত হতে পারে। এই প্রসঙ্গে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো সংস্থাগুলি নতুন নিয়মকানুন নিয়ে আলোচনা করছে।

বুকিংয়ের নিয়মও পরিবর্তিত হতে পারে: এদিকে, বুকিংয়ের নিয়মও আরও কঠোর করা হয়েছে। ইতি মধ্যেই শহরগুলিতে গ্যাস সিলিন্ডার বুক করার সময়সীমা ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। অপরদিকে, গ্রামাঞ্চলে তা ৪৫ দিন পর্যন্ত হতে পারে। এছাড়াও, একটি OTP বেসড ডেলিভারি ব্যবস্থাও চালু করা হয়েছে। যার জন্য গ্রাহকদের ডেলিভারির সময়ে OTP প্রদান করতে হবে। এই ব্যবস্থাটিকে স্থায়ী করার প্রস্তুতি চলছে, যাতে ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডারের কালোবাজারি বন্ধ করা যায়।
আধার ই-কেওয়াইসি: জানিয়ে রাখি যে, সরকার আধার ই-কেওয়াইসি সংক্রান্ত নিয়মাবলীও স্পষ্ট করেছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য আধার বেসড ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। তবে, যাঁরা ইতিমধ্যেই ই-কেওয়াইসি সম্পন্ন করেছেন, তাঁদের এই প্রক্রিয়াটি পুনরায় করার প্রয়োজন হবে না। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদের ভর্তুকির সুবিধা নিরবিচ্ছিন্নভাবে পাওয়ার জন্য বছরে একবার ই-কেওয়াইসি করতে হবে।
আরও পড়ুন: আসবে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ! ভারত-নিউজিল্যান্ডের মধ্যে সম্পন্ন হল মুক্ত বাণিজ্য চুক্তি
PNG-তে স্থানান্তরের ওপর জোর: উল্লেখ্য যে, সরকার এখন জনগণকে LPG থেকে পাইপড ন্যাচারাল গ্যাস তথা PNG-তে স্থানান্তরিত হতে পর্যায়ক্রমে উৎসাহিত করছে। যেসব এলাকায় PNG উপলব্ধ রয়েছে, সেখানে গ্রাহকরা যদি ৩ মাসের মধ্যে PNG-তে স্থানান্তরিত না হন, সেক্ষেত্রে
তাঁদের LPG কানেকশন বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে। এছাড়া, PNG ব্যবহারকারীরা নতুন LPG কানেকশন নিতে পারবেন না।
আরও পড়ুন: ‘ভাইয়া নেহি ব্রাদার’, LSG-র বিরুদ্ধে ম্যাচ জিতে রিঙ্কুর মা-বোনের সঙ্গে ভিডিও কলে কথা বললেন নারিন
তবে, এই সমস্ত পরিবর্তনের মাঝেও সরকার জানিয়েছে যে, ঘরোয়া গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ সম্পূর্ণ নিরাপদ অবস্থায় রয়েছে। পাশাপাশি হাসপাতাল থেকে শুরু করে শিক্ষা এবং কৃষির মতো অপরিহার্য সেক্টরগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সার্বিকভাবে, ভবিষ্যতে LPG সংক্রান্ত বিধিমালা আরও কঠোর হতে পারে। তাই গ্রাহকদের এই বিষয়গুলি জেনে রাখা অত্যন্ত জরুরি।












