বাংলাহান্ট ডেস্ক : আনন্দপুর অগ্নিকাণ্ড (Anandapur Fire) নিয়ে তদন্ত শুরু হতেই নতুন নতুন মোড় উঠে আসছে। ঘটনার পর ৬০ ঘন্টা পর অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলল ওয়াও মোমো কর্তৃপক্ষ। রবিবার গভীর রাতে আনন্দপুরের নাজিরাবাদে পাশাপাশি দুটি গুদামে আগুন লাগে। ইতিমধ্যেই পাশের ডেকরটর্সের গুদামের মালিককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার ওয়াও মোমো কর্তৃপক্ষের তরফেও বিবৃতি দিয়ে দোষ চাপানো হল পাশের গুদামের দিকে।
অগ্নিকাণ্ডের (Anandapur Fire) পর ওয়াও মোমোর বিরুদ্ধে অভিযোগ
আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকেই ওয়াও মোমোর ভূমিকা নিয়ে উঠছিল প্রশ্ন। এমনকি অনেকে সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাকও দেন এই সংস্থাকে। এরপরেই বুধবার দুপুরে একটি বিবৃতি দেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। সেখানে অগ্নিকাণ্ডের জন্য পাশের গুদামের দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে।

কী বলা হল বিবৃতিতে: বিবৃতিতে বলা হয়েছে, পাশের গুদাম থেকে ভোর ৩ টে নাগাদ ওয়াও মোমোর গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এর ফলে গুদাম সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। পাশের গুদামে অননুমোদিত ভাবে রান্নাবান্না চলছিল। সেখান থেকেই ছড়ায় আগুন (Anandapur Fire)। এতে দুজন কর্মী এবং একজন চুক্তিবদ্ধ নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।
আরও পড়ুন : সরকারি হাসপাতালে লম্বা লাইন? মোবাইলে বুক করুন OPD-অ্যাপয়েন্টমেন্ট, চালু নয়া পরিষেবা
আর্থিক সাহায্যের আশ্বাস: বিবৃতিতে আরও বলা হয়েছে, মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি সারাজীবন ধরে মাসিক বেতনও তাঁদের দেওয়া হবে এবং প্রতিটি পরিবারের সন্তানের শিক্ষার খরচ তাঁরা বহন করবেন বলে জানিয়েছেন ওয়াও মোমো কর্তৃপক্ষ।
আরও পড়ুন : বাদ দিয়েছিলেন অরিজিতের গান, গায়কের অবসর ঘোষণায় ফের চর্চার কেন্দ্রে সলমন
প্রসঙ্গত, গত রবিবার ওই দুই গুদামের ভেতরে একাধিক কর্মীরা ছিলেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে অনেকেই আর বাইরে বেরোতে পারেননি। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা জানায়নি পুলিশ। পাশাপাশি ওয়াও মোমোর গুদামের পেছন দিক থেকে তিনটি দেহাংশ পাওয়া গিয়েছে। তবে তা একই ব্যক্তির নাকি একাধিক জনের তা এখনও নিশ্চিত নয় পুলিশ।













