বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত কয়েক মরশুমে ধারাবাহিক ব্যর্থতার দায় নিয়ে গত আইপিএল (Indian Premier League) মরশুম শেষ হওয়ার পরই দায়িত্ব ছেড়েছিলেন ১৮ বছর ধরে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কোচিংয়ের দায়িত্ব পালন করা কিংবদন্তি কিউয়ি ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং। তারপর আইপিএলের এই সেরা ফ্র্যাঞ্চাইজির কোচিংয়ের দায়িত্ব কার কাঁধে উঠতে পারে সেই নিয়ে জল্পনা চলছিল। মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) নেতৃত্বের দায়িত্ব ছাড়ার পর থেকে দলটির সেই পুরোনো দাপট দেখতে পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে আগামী আইপিএল (IPL 2027) মরশুমের আগে কিংবদন্তি ভারতীয় পেসার জাহির খান-কে (Zaheer Khan) নিজেদের প্রধান কোচ হিসেবে ঘোষণা করলো সিএসকে (CSK) ম্যানেজমেন্ট।
প্রায় দুই দশক ধরে দলের দায়িত্ব সামলানো কোচ যখন সেই পদ ছেড়েছিলেন তখন সেই শূন্যস্থান পূরণ করার জন্য কোন হাই-প্রোফাইল তারকাকে আনা হবে সেই নিয়ে চলছিল জল্পনা। অনেক ভক্তই প্রস্তাব দিয়েছিলেন যে দলের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকেই কোচিংয়ের দায়িত্ব দেওয়া হোক। কিন্তু শেষপর্যন্ত ধোনির নেতৃত্বে ভারতকে ২০০৭ ও ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জাহিরকে এই দায়িত্ব দেওয়ায় খুশি একটা বড় অংশের ভক্তরা। কিন্তু গত মরশুমে হাঁটুর চোটের কারণে মাঠেই নামেননি ধোনি। ৪৫ বছর বয়সী তারকা অবশ্য এখনও অবসর ঘোষণাও করেননি। এমন পরিস্থিতিতে জাহির খান তাকে কিভাবে ব্যবহার করেন তা জানতেও আগ্রহী একটা বড় অংশের ক্রিকেটপ্রেমীরা।

অভিজ্ঞতার দিক দিয়ে জাহির খানের চেয়ে কোনও যোগ্য ব্যক্তি খুঁজে পাওয়া খুবই কঠিন কাজ হতো সিএসকে ম্যানেজমেন্টের পক্ষে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মতো তিন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নেমেছিলেন জাহির। আইপিএলে ১০০ ম্যাচ খেলে ২৭.২৭ গড়ে ১০২টি উইকেট রয়েছে তার ঝুলিতে। এছাড়া তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের ডিরেক্টর অফ ক্রিকেট এবং লখনৌ সুপারজায়ান্টসের মেন্টর হিসেবেও কাজ করেছেন।
আরও পড়ুন: শুভমান গিলের বদলে ভারতের ODI অধিনায়ক হতে চলেছেন শ্রেয়স আইয়ার! বড় সিদ্ধান্ত BCCI-এর
আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হতে পেরে খুশি জাহির নিজেও। এই পদে আসীন হওয়ার পর তিনি বলেছেন, “আইপিএলের ইতিহাসে অন্যতম সফল একটি দলের অংশ হতে পারাটা সম্মানের বিষয়। একজন ক্রিকেটার হিসেবে আমি মাঠে সিএসকে-র মুখোমুখি হয়েছি এবং সেই লড়াইগুলো দারুণ উপভোগ করেছি। চিপকের ‘সুপারফ্যান’রা ম্যাচ চলাকালীন যে পরিবেশ তৈরি করেন, তা এই অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তোলে। এমন সমৃদ্ধ ইতিহাসের অধিকারী এই ঐতিহ্যবাহী ফ্র্যাঞ্চাইজিতে কাজ শুরু করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
আরও পড়ুন: যোগ্যতা না থাকা সত্ত্বেও ক্রমাগত গম্ভীরের ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন এই তারকা! বিরক্ত ক্রিকেটপ্রেমীরা
জাহির খানের মতো অভিজ্ঞ তারকাকে দলের সঙ্গে যুক্ত করতে পেরে সন্তুষ্ট দলের মালিক রুপা গুরুনাথও। ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা পেসারকে কোচ হিসেবে পেয়ে তিনি বলেছেন, “আমরা আনন্দের সাথে নিশ্চিত করছি যে, জাহির খান চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করছেন। খেলোয়াড় হিসেবে তার বর্ণাঢ্য কেরিয়ার এবং তরুণ প্রতিভাকে গড়ে তোলার প্রমাণিত দক্ষতা তাঁকে আমাদের দলের জন্য এক মূল্যবান সংযোজন করে তুলেছে। আমরা নিশ্চিত যে, তাঁর দেখানো পথ এই ফ্র্যাঞ্চাইজির মূল ভিত্তি আরও শক্তিশালী করতে সহায়তা করবে।”














