বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari) ঘোষণা করেছেন যে আগামী অক্টোবরে পুরোপুরি ইথানল চালিত গাড়ি (Ethanol Car) চালু করা হবে এবং এতে একেবারেই পেট্রোলের প্রয়োজন হবে না। দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে, এই গাড়িটি চালানোর খরচ ২৫ টাকা প্রতি লিটার পেট্রোল চালিত গাড়ির সমান হবে। সরকারের E20 ইথানল ব্লেন্ডিং (E20 Ethanol Blending) পলিসির সমালোচনার জবাবে তিনি এই ঘোষণা করেন। জানিয়ে রাখি যে, বিগত কয়েক মাসে যানবাহনের ইঞ্জিনের ওপর এই পলিসির প্রভাব নিয়ে সংসদে ও সোশ্যাল মিডিয়ায় বিতর্ক চলছে। উল্লেখ্য যে, নীতিন গড়করি জানান, আগামী অক্টোবরে টয়োটার ইনোভা ফ্লেক্স-ফুয়েল গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই গাড়িটি পেট্রোলের পরিবর্তে ১০০ শতাংশ ইথানলে চলার জন্য তৈরি করা হয়েছে। তিনি দাবি করেছেন, এই গাড়িটি চলার সময়েও ৬০ শতাংশ বিদ্যুৎ উৎপন্ন করবে।
কী জানিয়েছেন নীতিন গড়করি (Nitin Gadkari):
‘বিজনেস টুডে’-র রিপোর্ট অনুসারে, কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে, ‘বিশ্বের ১৯ টি দেশে ইথানল ব্যবহৃত হচ্ছে এবং আজ পর্যন্ত ভারতের কোনও যানবাহন থেকে এই নিয়ে কোনও অভিযোগ আসেনি। অক্টোবরে আমাকে টয়োটার ইনোভা ফ্লেক্স-ফুয়েল গাড়ির লঞ্চ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। যেটি ১০০ শতাংশ ফ্লেক্স-ফুয়েলে চলবে। এদিকে, তাঁর এহেন মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ফুয়েল এফিশিয়েন্সি ও ইঞ্জিনের পারফরম্যান্সের বিষয়ে E20 পেট্রোলের প্রভাব নিয়ে জনসাধারণের মধ্যে উদ্বেগ দেখা দিচ্ছে।

সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে, মাইলেজ, ইঞ্জিনের স্বাস্থ্য বা রক্ষণাবেক্ষণ খরচের ওপর E20-র প্রভাব সম্পর্কে গাড়ি প্রস্তুতকারী সংস্থা, অটোমোবাইল অ্যাসোসিয়েশন বা কনজিউমার গ্রুপগুলির কাছ থেকে কোনও বড় অভিযোগ পাওয়া যায়নি। সরকার তার যুক্তির সমর্থনে ইঞ্জিনের ডিউরেবিলিটি এবং মেটিরিয়াল কম্প্যাটিবিলিটি বিষয়ক স্টাডিজ ও ফিল্ড ট্রায়ালের কথাও উল্লেখ করেছে।
ভারতে অন্যান্য ফ্লেক্স-ফুয়েল গাড়ি: জানিয়ে রাখি যে, টয়োটার ইথানল চালিত ইনোভা ভারতের জন্য পরিকল্পিত প্রথম এমন গাড়ি নয়। গত জুন মাসে মারুতি সুজুকি দেশের প্রথম ফ্লেক্স-ফুয়েল যাত্রীবাহী গাড়ি চালু করেছে। ফ্লেক্স-ফুয়েল যানবাহনগুলি ইথানল-পেট্রোল মিশ্রণে (E20 থেকে বিশুদ্ধ ইথানল পর্যন্ত) চলার জন্য ডিজাইন করা হয়েছে। যা মালিকদের জ্বালানির সহজলভ্যতা অনুযায়ী বিকল্প বেছে নেওয়ার স্বাধীনতা দেয়।
বাইক ট্যাক্সিরও প্রচার: এদিকে, ইথানল সংক্রান্ত ঘোষণার পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রী বাইক ট্যাক্সি পরিষেবার ব্যবহার বৃদ্ধির ওপরেও জোর দিয়েছেন। তিনি বলেন যে, অ্যাপ বেসড প্ল্যাটফর্মগুলি কোনও নতুন বিনিয়োগ ছাড়াই টু হুইলার মালিকদের আয়ের একটি অতিরিক্ত উৎস প্রদান করতে পারে। তিনি আরও বলেন যে, রাজ্যের পরিবহণ মন্ত্রীদের বলা হয়েছে, যেসব গ্রামীণ বাসিন্দাদের ইতিমধ্যেই টু-হুইলার গাড়ি রয়েছে, তাঁদের জন্য এই বিকল্পটি উন্মুক্ত করতে।তিনি দাবি করেন যে, এটি সব রাজ্যে গ্রহণ করা হলে কোটি কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। নীতিন গড়করি পেট্রোল ও ডিজেলের বিকল্প হিসাবে ফ্লেক্স-ফুয়েল, বৈদ্যুতিক এবং হাইড্রোজেন চালিত যানবাহনের প্রচারের পক্ষে ধারাবাহিকভাবে কথা বলেছেন। E20 ব্লেন্ডিং পলিসির কারণে ভারতে ইথানল একটি আলোচিত বিষয় হয়ে উঠেছে। এই পলিসি অনুযায়ী, পেট্রোলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মেশানো হচ্ছে।













