বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টাটা গ্রুপের (Tata Group) অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা তথা দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস তথা TCS চলতি অর্থবর্ষ অর্থাৎ ২০২৬-২৭-এর জন্য ২৫,০০০ নতুন ফ্রেশার্স নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। সংস্থাটি ইতিমধ্যেই জানিয়েছে, পরবর্তী নিয়োগ বাজারের চাহিদার ওপর নির্ভর করবে। এই তথ্যটি দিয়েছেন TCS-এর চিফ এক্সিকিউটিভ ও ম্যানেজিং ডিরেক্টর কে কৃতিবাসন। তিনি জানান যে, এই সংস্থা গত ২০২৫-২৬ অর্থবর্ষে ৪৪,০০০ নতুন ফ্রেশার্স নিয়োগ করেছে। যা দেশের যেকোনও বেসরকারি কোম্পানির করা সর্বোচ্চ সংখ্যক নিয়োগ। তিনি আরও বলেন, ‘আমরা ২০২৬-২৭ সালে ২৫,০০০ নতুন ফ্রেশারকে চাকরির প্রস্তাব দিয়েছি। চাহিদার পরিস্থিতি আরও স্পষ্ট হলে আমরা ফের নিয়োগ করব।’ জানিয়ে রাখি যে, গত ৩ বছর ধরে TCS প্রতি বছর ৪০,০০০-এরও বেশি ফ্রেশার্সকে চাকরি দিয়ে আসছে।
২৫,০০০ নতুন ফ্রেশার্স নিয়োগের পরিকল্পনা TCS (Tata Group)-এর:
অভিজ্ঞ কর্মী নিয়োগ বৃদ্ধির কোনও পরিকল্পনা নেই: কৃতিবাসন জানান যে, বর্তমানে ওই সংস্থার অভিজ্ঞ কর্মী নিয়োগ বাড়ানোর কোনও পরিকল্পনা নেই। তিনি ব্যাখ্যা করেন, নতুন স্নাতকদের কোনও প্রকল্পে যুক্ত করার আগে প্রায় ৯ মাস প্রশিক্ষণ দেওয়া হয়। অন্যদিকে অভিজ্ঞ কর্মীরা অবিলম্বে কাজ শুরু করতে পারেন। এমন পরিস্থিতিতে, নিয়োগ কৌশল সম্পূর্ণরূপে ব্যবসার চাহিদার ওপর নির্ভর করে।

এদিকে, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য পরিকল্পিত প্রায় ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোম্পানি উচ্চ-কর্মক্ষমতাসম্পন্ন কর্মীদের জন্য দীর্ঘমেয়াদী কর্মজীবনের সুযোগ প্রদান করে। তিনি আরও স্পষ্ট করেন, এই ছাঁটাইয়ের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর সরাসরি কোনও সম্পর্ক নেই। বরং প্রকল্প বাস্তবায়নের পদ্ধতিতে পরিবর্তনের কারণে উচ্চস্তরের কর্মীদের প্রয়োজনীয়তা কমে গেছে বলে জানান তিনি।
আরও পড়ুন: হু হু করে বাড়ছে যাত্রী! ভারতীয় রেলে বন্দে ভারতের বাজিমাত, সামনে এল চমকপ্রদ পরিসংখ্যান
এছাড়াও, ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, কোম্পানির হাতে প্রকল্পের পাইপলাইন্স স্থিতিশীল রয়েছে রয়েছে, যা বর্তমান বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতিতে একটি ইতিবাচক লক্ষণ। তিনি ব্যাখ্যা করেন যে, ব্যয় হ্রাস এবং ডিজিটাল রূপান্তর সম্পর্কিত চুক্তিসহ বিভিন্ন সেক্টর ও ভৌগোলিক অঞ্চল থেকে নতুন চাহিদা আসছে।
জানিয়ে রাখি যে, TCS ২০২৫-২৬ অর্থবর্ষে মোট ৪০ বিলিয়ন ডলারের নতুন চুক্তি নিশ্চিত করেছে। তবে, কে কৃতিবাসন বলেন, নতুন চুক্তি থেকে রেভিনিউ রূপান্তরের হারও বেড়েছে। কোম্পানির চিফ ফাইনান্সিয়াল অফিসার সমীর সেক্সারিয়া বলেছেন যে, TCS বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে মুনাফার হার বাড়ানোর ওপর মনোযোগ দেবে।
আরও পড়ুন:রুতুরাজের শাস্তি! নীতীশ রানার জরিমানা, IPL-এ CSK vs DC ম্যাচে যা হল…
ত্রৈমাসিক ফলাফল: উল্লেখ্য যে, TCS ২০২৫-২৬ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ১৩,৭৮৪ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। বার্ষিক পরিসংখ্যান অনুসারে কোম্পানিটির মুনাফা ১২.১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে কোম্পানিটি ১২,২৯৩ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। এদিকে, বোর্ড মিটিংয়ে প্রতিটি ইক্যুইটি শেয়ারের জন্য ৩১ টাকা বার্ষিক ডিভিডেন্ডও ঘোষণা করেছে।












