বাংলা হান্ট ডেস্ক : অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা নিয়ে ক্ষোভ ক্রমেই ছড়াচ্ছে। প্রাপ্য টাকা না পাওয়ার অভিযোগে একের পর এক ব্লক প্রশাসনিক দফতরের সামনে বিক্ষোভে সামিল হচ্ছেন মহিলারা। এর মাঝে করিমপুরে বিক্ষোভ ঘিরে সরকারি কাজে বাধা এবং কর্মীদের সঙ্গে হাতাহাতির অভিযোগে দুজন মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) বিক্ষোভে গ্রেফতার
অন্নপূর্ণা যোজনার টাকা নির্ধারিত সময়ে অ্যাকাউন্টে জমা না পড়ার অভিযোগে করিমপুর ২ ব্লক প্রশাসনিক দফতরে জড়ো হন শতাধিক মহিলা এবং কয়েকজন পুরুষ। বিক্ষোভ চলাকালীন ব্লক অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। একই দিনে ধোড়াদহ ২ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনেও বিক্ষোভ হয়।
এই পরিস্থিতিতে করিমপুর থানায় অভিযোগ জানায় ব্লক প্রশাসন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। প্রশাসনের অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ অফিসের ভিতরে ঢুকে সরকারি কর্মীদের মারধর করেন। সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি ছিঁড়ে ফেলার অভিযোগও রয়েছে। বিক্ষোভে উপস্থিত অন্যদের উস্কানি দেওয়ার অভিযোগও উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।
তদন্তে নেমে ঘটনার ছবি স্পষ্ট করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। পাশাপাশি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজও সংগ্রহ করা হয়। সেইসব তথ্যের ভিত্তিতে তিনজনকে চিহ্নিত করা হয় বলে পুলিশ সূত্রে খবর। রবিবার রাতে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিক্ষোভের ঘটনা সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা চলছে।
অন্যদিকে, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে কালীগঞ্জ ব্লকেও উত্তেজনা ছড়ায়। এবার অন্নপূর্ণার টাকা থেকে বঞ্চিত মহিলাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে নামে সিপিএম। দলের নেতা-কর্মীদের সঙ্গে বহু মহিলাও বিক্ষোভে যোগ দেন। বিক্ষোভ শেষে সিপিএমের প্রতিনিধিরা বিডিওর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন।

আরও পড়ুন : চিকিৎসার ক্যাশলেস সীমা ৫ লক্ষ টাকা করা হোক! অর্থ দপ্তরের বিজ্ঞপ্তির পর দাবি রাজ্য সরকারি কর্মীদের
একই দিনে তেহট্ট-১ ব্লকেও অন্নপূর্ণার টাকা না পাওয়ার অভিযোগে পথে নামেন একদল মহিলা। ব্লক অফিসের মূল গেট বন্ধ করে তাঁরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে নদিয়ার একাধিক ব্লকে মহিলাদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে,তা এই মুহূর্ত বিশেষ গুরুত্বপূর্ণ।













