বাংলাহান্ট ডেস্ক: নেপালে (Nepal) হড়পা বানের (Nepal Flash Floods) ভয়াবহতার মধ্যেই মিলল কিছুটা স্বস্তির খবর। গত ২৪ ঘণ্টায় আরও তিন ভারতীয়কে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে এক্স হ্যান্ডলে এই খবর জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal)। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া তিনজনকে নেপালের ত্রিশূলী বাজার এলাকা থেকে খুঁজে পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছে মাত্র পাঁচ বছরের একটি শিশুও। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন অভিজিৎ সুরেশ পওয়ার, দীপিকা অভিজিৎ পওয়ার এবং সমর্থ অভিজিৎ পওয়ার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তাঁরা একই পরিবারের সদস্য—দম্পতি এবং তাঁদের সন্তান। নেপালে ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের আকাশপথে ভারতে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
নেপালে (Nepal) উদ্ধার আরও ৩ জন ভারতীয়, এখনও নিখোঁজ ২৭৫ জন:
গত ২৬ অগস্ট হড়পা বান নেমে আসার পর থেকেই নেপালের (Nepal) একাধিক এলাকা কার্যত বিপর্যস্ত। আকস্মিক জলস্রোতের জেরে বহু মানুষ নিখোঁজ হয়েছেন এবং আটকে পড়েছেন বহু ভারতীয়। তাঁদের একটা বড় অংশ পর্যটক হলেও, কাজের সূত্রে নেপালে থাকা ভারতীয়রাও এই বিপর্যয়ের মধ্যে পড়েছেন। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নেপাল-তিব্বত সীমান্তের হড়পা বানের ঘটনায় এখনও পর্যন্ত ২৭৫ জন ভারতীয়ের কোনও সন্ধান পাওয়া যায়নি। তবে একই সঙ্গে ১৬৯ জন ভারতীয়কে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ত্রিশূলী বাজার থেকে উদ্ধার হওয়া তিনজনও সেই তালিকায় রয়েছেন। ফলে নিখোঁজদের খোঁজে উদ্ধারকারী দলগুলির তৎপরতা আরও বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: বিশ্বজুড়ে বাঙালিকে পুজোয় জুড়তে বড় উদ্যোগ, ৭ সেপ্টেম্বর বৈঠকে নতুন পরিকল্পনা
নেপালে বিপর্যয়ের খবর পাওয়ার পর থেকেই ভারত সরকার উদ্ধার ও ত্রাণের কাজে সহযোগিতা করে আসছে। প্রয়োজনীয় সামগ্রী নিয়ে একের পর এক ত্রাণবাহী বিমান নেপালে পাঠানো হয়েছে। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত মোট ৯৫ টন ত্রাণসামগ্রী নেপালে পৌঁছে দিয়েছে ভারত। শুধু খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পাঠানোতেই থেমে থাকেনি দিল্লি। উদ্ধারকাজে সাহায্যের জন্য ভারতীয় দলও নেপালে পাঠানো হয়েছে। পাশাপাশি নিখোঁজদের পরিচয় শনাক্ত করতে ফরেনসিক বিশেষজ্ঞদেরও সেখানে পাঠানো হয়েছে। রণধীর জয়সবাল জানিয়েছেন, ভারত সরকার নেপাল প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজন অনুযায়ী আরও সাহায্য পাঠানো হবে।
নেপালের পরিস্থিতি যে এখনও অত্যন্ত উদ্বেগজনক, তার ইঙ্গিত মিলছে দেশটির সরকারি পরিসংখ্যানেও। নেপাল সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত বিপর্যস্ত বিভিন্ন এলাকা থেকে ১,২৯৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে ১২ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তবে উদ্ধারকাজ যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন নিখোঁজের খবর। এখনও প্রায় পাঁচ হাজার মানুষের কোনও সন্ধান নেই বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকা, কাদামাটি এবং ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা উদ্ধারকারীদের কাজ আরও কঠিন করে তুলছে।

আরও পড়ুন: আবেদন করেও এখনও টাকা পাননি ! অন্নপূর্ণা যোজনা নিয়ে বাড়ছে চিন্তা, বিক্ষোভ মহিলাদের
এই পরিস্থিতিতে নেপালে (Nepal) আটকে থাকা ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোই এখন ভারতের অন্যতম অগ্রাধিকার। উদ্ধার হওয়া তিন ভারতীয়কে দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি নিখোঁজদের সন্ধানেও যোগাযোগ ও সমন্বয় বাড়ানো হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপাল সরকারের সঙ্গে সমন্বয় রেখেই পুরো উদ্ধার ও ত্রাণ অভিযান চালানো হচ্ছে। বিপর্যয়ের ভয়াবহতার মধ্যেও একের পর এক ভারতীয়কে জীবিত উদ্ধার করা সম্ভব হওয়ায় তাঁদের পরিবারগুলির মধ্যে কিছুটা স্বস্তি ফিরছে। তবে এখনও ২৭৫ জন ভারতীয় নিখোঁজ থাকায় উদ্বেগ কাটেনি। পাশাপাশি নেপালে হাজার হাজার মানুষের নিখোঁজ থাকার খবরও পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করছে। ফলে উদ্ধার অভিযান দ্রুত শেষ করে যত বেশি সম্ভব মানুষকে নিরাপদে ফিরিয়ে আনার দিকেই এখন নজর সংশ্লিষ্ট সব পক্ষের।













