বাংলা হান্ট ডেস্কঃ শনিবার ছিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সেই উদ্বোধনী মঞ্চ থেকেই কেন্দ্রীয় সরকারের ভূমিকা এবং কেন্দ্রীয় এজেন্সিগুলির কাজকর্ম নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি সরাসরি বিচারব্যবস্থার কাছে আর্জি জানান সংবিধান ও গণতন্ত্রকে বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর জন্য।
কী বললেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)?
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “আমাদের গণতন্ত্রকে বিপর্যয় থেকে বাঁচাতে হবে। ইতিহাস ও ভূগোল যেন সুরক্ষিত থাকে।” তাঁর অভিযোগ, মানুষের ভাবমূর্তি নষ্ট করা এখন এক ধরনের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এবং ইচ্ছাকৃতভাবেই কেন্দ্রীয় এজেন্সিগুলি মানুষকে অপমান করছে। তিনি বিচারপতিদের উদ্দেশে বলেন, “প্লিজ মানুষকে বাঁচান। আমরা আপনাদের কাস্টডিতে রয়েছি। আপনারা সংবিধানের অভিভাবক, সংবিধানকে বাঁচান, দেশকে বাঁচান।”
এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) স্পষ্ট করে জানান, তিনি একা নিজের জন্য এই কথা বলছেন না। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি আমার জন্য বলছি না। গণতন্ত্রকে বাঁচান, মানুষকে বাঁচান, দেশকে বাঁচান। আমরা আপনার কাস্টডিতে আছি, আপনারা আমাদের রক্ষা করুন।”
সম্প্রতি আইপ্যাক সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্ট-এ উঠেছিল। সেই মামলায় ইডি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিরুদ্ধে মামলা করেছিল এবং ওই ঘটনায় কেন্দ্রীয় এজেন্সি অনেকটাই স্বস্তি পেয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এই আবহেই মমতার বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবি, “এই বক্তব্য শুনে মনে হচ্ছে ওঁর মানসিক পরিস্থিতি ঠিক নেই। উনি ডেসপারেট। উনি বুঝতে পারছেন এসআইআর শেষ হলে যাঁদের নামে ছাপ্পা মারতেন, আর পারবেন না। ওঁর দল হেরে যাবে।”

আরও পড়ুনঃ EPFO-র সুদের হাড় বাড়ানোর পথে কেন্দ্র, কবে থেকে আর কত বাড়বে? জানুন বিস্তারিত
এদিকে, আইনজীবী বিকাশ ভট্টাচার্যও মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বক্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “এর আগেও দেখেছি রাজ্যের বিচারপতিদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলঙ্কজনক মন্তব্য করতে। বিভিন্ন বিচারপতিকে গালমন্দ করেছেন। নিজে গুণ্ডামি করে এখন বিচারব্যবস্থাকে নিজের পক্ষে দাঁড়াতে বলছেন। গরিব মানুষ কেন বিচার পাচ্ছেন না, সেটা তো তিনি বললেন না। নিজের গুণ্ডামির সমর্থনে বিচার ব্যবস্থাকে দাঁড় করানোর কথাই বললেন।”













