বাংলাহান্ট ডেস্ক: বৈশাখ মাসে সূর্যের তেজে জেরবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। দিনের বেলায় বাইরে বেরোনোই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একটু বৃষ্টির আশায় চাতকের দশা সাধারণ মানুষের। আবহাওয়া দপ্তর বলছে, তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহান্তেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে। আজও হাতেগোনা কয়েকটা জেলায় বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু অংশে। রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রাও বেশ খানিকটা কমতে পারে। শনিবার থেকেই বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অফিস।
শুক্রবার অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আপাতত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে। এদিকে শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টির সাথে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দপ্তর বলছে, ২৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকতে পারে তাপমাত্রা। শনিবার থেকে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। অধিক বৃষ্টির দাপট থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায়।
রবিবার থেকে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় সহ দক্ষিণবঙ্গের সর্বত্র ঝড়বৃষ্টির সম্ভাবনা। যা চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত।

আরও পড়ুন: ভোট শেষ হতেই বড় ইঙ্গিত! কোন জায়গায়, কত আসনে এগোচ্ছে তৃণমূল, জানালেন মমতা
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়িতে অধিক বৃষ্টি হবে। এছাড়াও ঝড়-বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ মূলত ওপরের দিকের জেলাগুলিতে। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার পর্যন্ত আবহাওয়ার একই মেজাজ থাকবে।













