দ্বিতীয় দফার আগে হাবড়ায় অ্যাকশন মোডে ইডি, চাল ব্যবসায়ীদের বাড়িতে বাড়িতে তল্লাশি

Updated on:

Updated on:

Enforcement Directorate in action mode in Habra, searches homes of rice traders
Follow

বাংলা হান্ট ডেস্ক : দ্বিতীয় দফার ভোটের (West Bengal Assembly Election) মুখে রাজ্যে ফের নজরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। দ্বিতীয় দফার নির্বাচন ঘনিয়ে আসতেই উত্তর ২৪ পরগনার হাবড়ায় ইডির তল্লাশি অভিযান নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিল। শনিবার ভোর থেকেই হাবড়ার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

চাল ব্যবসায়ীদের বাড়িতে ইডির (Enforcement Directorate) হানা

জানা গেছে, এলাকার একাধিক চাল ব্যবসায়ীর বাসভবনে পৌঁছে যায় তদন্তকারী দল। নিরাপত্তার জন্য তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। ইডির সূত্রে খবর, আর্থিক অনিয়ম সংক্রান্ত একটি মামলার সূত্র ধরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিন ভোরে কলকাতার সিজিও কমপ্লেক্স থেকে কয়েকটি টিম রওনা দেয়।

চাল ব্যবসায়ীদের বাড়িগুলিতে পৌঁছে প্রথমে দরজা না খোলায় কিছু সময় বাইরে অপেক্ষা করতে হয় আধিকারিকদের। পরে দরজা খোলা হলে ভিতরে ঢুকে তল্লাশি শুরু হয়। স্থানীয় সূত্রে খবর, ব্যবসায়ী সমীর চন্দ ও সাগর সাহার বাড়িতে বিশেষভাবে নজর দিয়েছে ইডি। ওই দুই জায়গায় দীর্ঘ সময় ধরে তল্লাশি চলছে বলেই খবর মিলেছে।

উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে গত কিছুদিন ধরে রাজ্যে ইডির তৎপরতা চোখে পড়ার মতো বেড়েছে। বিভিন্ন ক্ষেত্রে তল্লাশি চালানোর পাশাপাশি ডেকে পাঠানো হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। এই পরিস্থিতিতে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ উঠেছে, রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানো হচ্ছে। যদিও বিজেপি সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

Enforcement Directorate in action mode in Habra, searches homes of rice traders

আরও পড়ুন : বড় সিদ্ধান্ত RBI-র! লাইসেন্স বাতিল হল পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের, কী জানাল রিজার্ভ ব্যাঙ্ক?

প্রসঙ্গত, ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে ভোট সম্পন্ন হয়েছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় বাকি ১৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। হাবড়াও রয়েছে এই পর্যায়ের অন্তর্ভুক্ত। ভোটের আগে এই অভিযানের জেরে রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তদন্তের ফলাফল যেমন গুরুত্বপূর্ণ, তেমনই নজর থাকবে আসন্ন ভোটপর্ব কতটা নির্বিঘ্নে সম্পন্ন হয় তার দিকেও।