কবে থেকে শুরু হবে অন্নপূর্ণা ভান্ডারের মতো সরকারি প্রকল্পগুলি, মন্ত্রীসভাতে কোন কোন ইস্যু নিয়ে বৈঠক হবে?

Published on:

Published on:

What issues Suvendu Adhikari will be discussed in the cabinet meeting?
Follow

বাংলা হান্ট ডেস্ক : ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে বিজেপি।‌ তারপর ৯ মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর আজ, ১১ মে, নতুন সরকারের প্রথম মন্ত্রীসভা বৈঠক (Cabinet Meeting) অনুষ্ঠিত হতে চলেছে। তার আগেই প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপের ইঙ্গিত দিল নতুন সরকার। অবৈধ গরু পাচার রুখতে কড়া নির্দেশ জারি করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়।

শুভেন্দুর (Suvendu Adhikari) প্রথম মন্ত্রীসভার বৈঠক

মন্ত্রীসভার বৈঠকের আগে থেকেই রাজ্যের সমস্ত পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের গরু পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, লাইসেন্স ছাড়া পরিচালিত গরুর হাটগুলিও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে নতুন সরকার। প্রশাসনের একাংশের মতে, সীমান্তবর্তী এলাকাগুলিতে দীর্ঘদিন ধরেই গরু পাচার নিয়ে অভিযোগ উঠছিল। সেই কারণেই শুরুতেই কড়া অবস্থান নিতে চাইছে রাজ্য সরকার।

আজকের মন্ত্রীসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন চালুর বিষয়টি আলোচনার কেন্দ্রে থাকতে পারে। পাশাপাশি নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মহিলা ও যুবকদের জন্য মাসিক ৩০০০ টাকা ভাতা কীভাবে কার্যকর করা যায়, তা নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের দাবি।

এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে সরকার পরিবর্তনের পর থেকেই রাজ্যের জনপ্রিয় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। মা ক্যান্টিনের মতো প্রকল্প চালু থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। অভিযোগ উঠেছে, মা ক্যান্টিন পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, আজ সাংগঠনিক বৈঠকেও বসছে বঙ্গ বিজেপি। সেখানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য-সহ একাধিক শীর্ষ নেতার। দলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা এবং আগামী দিনের রূপরেখা নিয়েই মূলত আলোচনা হতে পারে এই বৈঠকে।

What issues Suvendu Adhikari will be discussed in the cabinet meeting?

আরও পড়ুন : মাসে ২৫০০ টাকা! আজই লঞ্চ হতে পারে মহিলাদের জন্য সরকারের বড় প্রকল্প

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রীসভা বৈঠক ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বাড়ছে কৌতূহল। আজকের বৈঠক থেকেই আগামী দিনের শাসনব্যবস্থার রূপরেখা অনেকটাই স্পষ্ট হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।