বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এবার নতুন ভূমিকায় দেখা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। কলকাতা হাই কোর্টে আইনজীবীর পোশাকে হাজির হতে দেখা গেল তাঁকে। তিলজলায় বহুতল ভাঙা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন ঘিরেই বৃহস্পতিবার সকালে আদালত চত্বরে উপস্থিত হন তৃণমূল নেত্রী।
আইনজীবীর ভূমিকায় মমতা (Mamata Banerjee)
জানা যাচ্ছে, প্রধান বিচারপতির এজলাসে বহুতল ভাঙা নিয়ে জনস্বার্থ মামলার শুনানিতে আইনজীবী হিসাবেই সওয়াল করতে পারেন তিনি। প্রসঙ্গত, তপসিয়ার তিলজলায় একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় প্রাণ হারান দুজন। ঘটনার পর তদন্তে নেমে রাজ্য সরকারের গঠিত কমিটি রিপোর্টে জানায়, বহুতলটি অবৈধভাবে নির্মিত হয়েছিল। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন। ইতিমধ্যেই বুলডোজার চালিয়ে ভাঙার কাজও শুরু হয়েছে। এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।
সেই মামলার শুনানিই হতে পারে প্রধান বিচারপতির বেঞ্চে। আর সেই শুনানিতে আইনজীবীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। বৃহস্পতিবার সকালে কালো কোট পরে আদালত প্রাঙ্গণে তাঁকে দেখা যায়। আদালতে তাঁর উপস্থিতি ঘিরে কৌতূহল তৈরি হয় আইনজীবী মহলে ও রাজনীতির অন্দরে।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলার ক্ষমতায় এসেছে বিজেপি। নির্বাচনের ফল প্রকাশের পর সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমার কোনও চেয়ার নেই, আমি একজন সাধারণ মানুষ। আমার কোনও অসুবিধা হচ্ছে না তাতে। এবার আমি রাস্তায় নামব। আইনজীবী হিসাবে কাজ করব।” সেই ঘোষণার পর এবার বাস্তবেই তাঁকে আদালতে সক্রিয় ভূমিকায় দেখা গেল।

আরও পড়ুন : লক্ষ্মীবারে সোনার দামে বড় চমক! ফের বাড়ল হলুদ ধাতুর দর, জানুন আজকের রেট
এর আগেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। ক্ষমতা হারানোর পর এবার কলকাতা হাই কোর্টে তাঁর এই নতুন উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দিয়েছে।













