বাংলা হান্ট ডেস্কঃ পেট্রোল-ডিজেলের বাড়তে থাকা খরচের মধ্যে এবার ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়াতে বড় সিদ্ধান্ত নিল বিহার সরকার। নতুন ইভি পলিসির (EV Subsidy) আওতায় মহিলারা ইলেকট্রিক গাড়ি কিনলে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। শুধু মহিলারাই নন, সাধারণ ক্রেতা থেকে শুরু করে SC/ST শ্রেণির উপভোক্তাদের জন্যও রাখা হয়েছে আলাদা ভর্তুকির ব্যবস্থা। ২০৩০ সালের মধ্যে রাজ্যে নতুন গাড়ির রেজিস্ট্রেশনের বড় অংশকে ইলেকট্রিক গাড়িতে বদল করাই সরকারের লক্ষ্য। সেই কারণেই একাধিক ছাড় ও ইনসেনটিভ ঘোষণা করা হয়েছে।
মহিলাদের জন্য ১ লাখ টাকার ভর্তুকি ((EV Subsidy)
গ্রিন এনার্জির ব্যবহার বাড়ানো এবং নারী ক্ষমতায়নকে একসঙ্গে গুরুত্ব দিতেই এই নতুন ইলেকট্রিক ভেহিকেল পলিসি (EV Subsidy) চালু করেছে বিহার সরকার। এই নীতির আওতায় কোনও মহিলা যদি ইলেকট্রিক চারচাকা গাড়ি কেনেন, তাহলে তিনি সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। শুধু চারচাকা নয়, ইলেকট্রিক স্কুটি বা বাইক কেনার ক্ষেত্রেও থাকছে ভর্তুকি। সাধারণ শ্রেণির উপভোক্তারা পাবেন ১০ হাজার টাকা পর্যন্ত সাহায্য। অন্যদিকে SC/ST শ্রেণির ক্রেতাদের জন্য এই সহায়তার পরিমাণ রাখা হয়েছে ১২ হাজার টাকা।
তিন চাকার ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রেও আলাদা সুবিধা ঘোষণা করা হয়েছে। জেনারেল ক্যাটেগরির ক্রেতারা সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন। আর SC/ST শ্রেণির উপভোক্তাদের জন্য সেই অঙ্ক বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে। সরকার জানিয়েছে, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা DBT-এর মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে। কমার্শিয়াল ইভির রেজিস্ট্রেশনের পর যেমন এই সুবিধা মিলবে, তেমনই ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা নন-কমার্শিয়াল ইভির ক্ষেত্রেও মহিলারা এই আর্থিক সহায়তা (EV Subsidy) পাবেন।

আরও পড়ুনঃ রাজ্য বাজেটে বড় বদলের ইঙ্গিত! কী ঘোষণা করবে নতুন সরকার?
এছাড়াও ইভি কেনায় মোটর ভেহিকেল ট্যাক্সে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা করেছে বিহার সরকার। রাজ্যে আরও বেশি চার্জিং স্টেশন তৈরির জন্যও সরকারি সহায়তা (EV Subsidy) দেওয়া হবে বলে জানানো হয়েছে।













