RG Kar মামলা নিয়ে বড় সিদ্ধান্ত, বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন কলকাতা হাইকোর্টে

Published on:

Published on:

RG Kar মামলা নিয়ে বড় সিদ্ধান্ত, বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন কলকাতা হাইকোর্টে
Follow

বাংলা হান্ট ডেস্ক : আরজি কর কাণ্ডে (RG Kar) বিচার প্রক্রিয়া ঘিরে ফের গুরুত্বপূর্ণ পদক্ষেপ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলার শুনানি এবার বিশেষ ডিভিশন বেঞ্চে হবে বলে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সুজয় পাল। এর আগে সময়ের অভাবের কথা উল্লেখ করে পরপর দুই ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে সরে দাঁড়ানোয় নতুন বেঞ্চ গঠন করা হয়েছে।

আরজিকর মামলা (RG Kar) হাইকোর্টের ডিভিশন বেঞ্চে

প্রথমে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে অব্যাহতি নেয়। পরে একই কারণ দেখিয়ে কয়েক দিন আগে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চও শুনানি থেকে সরে দাঁড়ায়। এরপরই মামলাটি বিশেষ ডিভিশন বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। নতুন বেঞ্চে রয়েছেন বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাঁরাই এবার আরজি করে পড়ুয়া-চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দায়ের হওয়া মামলার শুনানি করবেন। বহু চর্চিত এই মামলার শুনানি নিয়ে আবারও নতুন করে নজর পড়েছে বিচারব্যবস্থার উপর বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

এই মামলার শুনানির সময় বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ সিবিআই-কে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আরও জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি প্রয়োজন হলে অন্য সন্দেহভাজনদেরও জেরা করার কথা বলা হয়েছিল। একই সঙ্গে নির্যাতিতার মা-বাবার জমা দেওয়া দুটি অতিরিক্ত হলফনামার ভিত্তিতে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

সেই নির্দেশ মেনে গত মঙ্গলবার মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেয় সিবিআই। তবে রিপোর্ট জমা পড়ার পরই মামলাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানায় বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ। শুনানির সময় বিচারপতি মান্থা বলেছিলেন, ‘মামলাগুলির দ্রুত শুনানির প্রয়োজন। আরজি করের এই ঘটনা নিয়ে গোটা রাজ্য উদ্বিগ্ন, আমরাও চিন্তিত। তাই আমাদের মনে হয়, উপযুক্ত বিচার পাওয়ার জন্য বিস্তারিত শুনানির সময় রয়েছে এমন কোনও বিচারপতিদের বেঞ্চে এই মামলাগুলি পাঠানো হোক।’

RG Kar মামলা নিয়ে বড় সিদ্ধান্ত, বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন কলকাতা হাইকোর্টে

আরও পড়ুন : ‘৪ জনকে গ্রেফতার করলেই..’, আরজিকর কাণ্ডে অভয়ার মায়ের নিশানায় কোন চারজন? মুখ খুললেন রত্না দেবনাথ

পাশাপাশি বিচারপতি মান্থা আরও পর্যবেক্ষণ করে বলেন, ‘সম্ভবত আরজি করের ঘটনার অনুসন্ধানে বিচারবিভাগীয় কমিশন গঠন করতে চলেছে রাজ্য সরকার।’ এই পরিস্থিতিতে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনের ফলে মামলার পরবর্তী শুনানি কোন দিকে এগোয়, সেদিকেই এখন নজর রয়েছে রাজ্যবাসীর। সরকার বদলের পর আরজি কর কাণ্ডে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি আরও জোরালো হয়েছে বিভিন্ন মহলে।