বাংলাহান্ট ডেস্ক : প্রতিদিন বহু মানুষের সমাগম হয় শিয়ালদহ স্টেশনে (Sealdah Station)। কিন্তু দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে প্ল্যাটফর্মে অতিরিক্ত হকারের জন্য ভিড় অনেকটাই বেড়ে যায়। ট্রেন ধরার তাড়াহুড়ো থাকলে রীতিমতো ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। অবশেষে রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে ভোল বদলাল শিয়ালদহ স্টেশনেরও।
অবশেষে হকার মুক্ত শিয়ালদহ স্টেশন (Sealdah Station)
শিয়ালদহ স্টেশনের ১ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্ম হল হকার মুক্ত। সাধারণ যাত্রীদের সুবিধাজনক এবং স্বাচ্ছন্দ্য ভাবে চলাচলের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিয়ালদহ ডিভিশনের তরফে। প্ল্যাটফর্মগুলি থেকে প্রায় ২০০-২৫০ এর বেশি হকার সরানো হয়েছে বলে খবর।

বহু ট্রেন চলাচল করে শিয়ালদহ স্টেশনে: শিয়ালদহ ডিভিশনের মেইন এবং দক্ষিণ শাখা থেকে প্রায় ৯ লক্ষ যাত্রী যাতায়াত করেন প্রতিদিন। প্রতিদিন প্রায় ৮৮৫ থেকে ৯২১ টি শহরতলির লোকাল ট্রেন চলাচল করে এই স্টেশন থেকে। অন্যদিকে দূরপাল্লার মেইল এক্সপ্রেস ট্রেন এবং প্যাসেঞ্জার ট্রেন ১৫৮ টি ট্রেন মিলিয়ে প্রতিদিন প্রায় ১৫৯১ টিরও বেশি ট্রেন যাতায়াত করে এই স্টেশন দিয়ে। এমন ব্যস্ত স্টেশনে প্ল্যাটফর্ম দখল করে থাকা হকারদের জন্য সমস্যায় পড়তে হচ্ছিল যাত্রীদের।
আরও পড়ুন : কবি সুভাষ স্টেশনের পুনর্নির্মাণ, রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ মেট্রো
কীভাবে উচ্ছেদ হকার: শিয়ালদহ (Sealdah Station) কর্তৃপক্ষের দাবি, বিগত শাসকদলের ইউনিয়নের দাপটের জেরে এই হকারদের তোলা যায়নি। তবে রাজনৈতিক পালাবদলের পর সেই কাজটা সম্ভব হল। শিয়ালদহ ডিআরএম অফিস সূত্রে খবর, হকারদের প্রথমে নোটিশ, তারপর সময় দেওয়া হয়েছিল। সেই সময়ের মধ্যে অনেকেই দোকান নিয়ে উঠে গিয়েছিলেন। তবে যারা টালবাহানা করছিলেন তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন : ফের খুলল RG Kar ফাইল, টুইটারে অরিজিতের ইঙ্গিতবহ পোস্টে চাঞ্চল্য
উল্লেখ্য, অমৃত ভারত প্রকল্পে শিয়ালদহ স্টেশনকে উন্নীতকরণের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল অবৈধ হকারদের দখলদারি। উপরন্তু স্টেশন নোংরা করার অভিযোগও উঠছিল। অবশেষে প্ল্যাটফর্ম হকার মুক্ত হওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছেন যাত্রীরাও।













