বাংলা হান্ট ডেস্কঃ অফলাইনের পর অনলাইনেও শুরু হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম ফিল-আপ প্রক্রিয়া। টানা তিন মাস আবেদন করা যাবে অন্নপূর্ণায়। ইতিমধ্যেই টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। ৩ জুনের পরিসংখ্যান অনুযায়ী ২৮ লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে টাকা। বাকিরা এখন টাকা ঢোকার অপেক্ষায়।
অন্নপূর্ণার ১২ পাতার ফর্ম-ফিল আপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে প্রথম থেকেই। ১২ পাতার ফর্মে আবেদনকারীর গুচ্ছ গুচ্ছ তথ্যের পাশাপাশি পরিবারের সকল সদস্যেরও তথ্য চাওয়া হয়েছে। এই নিয়ে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষজন। কেন এত দীর্ঘ ফর্ম সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন আবেদনকারীরা। এরইমধ্যে অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বড় আপডেট দিয়ে দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি তথ্য | Annapurna Yojana
মন্ত্রী বলেন, “অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কম না হয় সেটা সরকার দেখছে। এক একটা পরিবারে একটাই ফর্ম যাবে।” অগ্নিমিত্রা পাল বুঝিয়ে বলেন, “প্রত্যেক মহিলাকে আলাদা ফর্ম নিতে হবে না। কারণ ওই ফর্মের মধ্যে একাধিক অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে।” একটা পরিবারের বিভিন্ন মহিলা যেমন শাশুড়ি, বউমা, মেয়ে, ননদ সবাই ওই একটা ফর্মে ফিলাপ করলেই কাজ হবে বলে জানান পুরমন্ত্রী।
আগে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, দীর্ঘ ফর্মে সব তথ্য না দিতে পারলেও মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা। মন্ত্রী বলেন,”এই যে বলছে এতগুলো ১২ পাতার ফর্ম। এগুলো ডেটার জন্য। ফর্ম ফিল-আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তা কিন্তু নয়। আগামীদিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য এই ডেটা আমাদের দরকার।”

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবার আরও সহজ! বাড়ি বসে কয়েক মিনিটেই করুন, জানুন পদ্ধতি
আবেদনকারীদের উদ্দেশে তিনি বলেছিলেন, “যতটা সম্ভব ফিল-আপ করুন, না পারলে লিখে দিন নট অ্যাপ্লিকেবল। বাকিটা আমরা দেখে নেব।” উল্লেখ্য, রাজ্য সরকারের পোর্টাল https://socialsecurity.wb.gov.in/ ওয়েসাইটে গিয়ে করতে হবে অন্নপূর্ণার জন্য আবেদন। এছাড়া অন্য কোনো পোর্টাল নেই। এই অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারীদের। এছাড়া অফলাইনেও আবেদন করা যাচ্ছে।













