বাংলা হান্ট ডেস্কঃ পড়াশোনার খরচের কারণে অনেক সময় মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্ন থমকে যায়। সেই সমস্যার কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে চালু রয়েছে ‘স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ’ (Swami Vivekananda Scholarship)। আর্থিকভাবে দুর্বল পরিবারের মেধাবী পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করতেই এই বৃত্তি দেওয়া হয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গবেষণারত ছাত্রছাত্রীরাও নির্দিষ্ট শর্ত পূরণ করলে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (Swami Vivekananda Scholarship) কারা আবেদন করতে পারবেন?
রাজ্যের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর এবং গবেষণারত পড়ুয়ারা এই স্কলারশিপের (Swami Vivekananda Scholarship) জন্য আবেদন করতে পারেন। তবে যে স্তরের জন্য আবেদন করা হবে, তার আগের পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার কম হতে হবে। এই প্রকল্পের টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।
কত টাকা বৃত্তি দেওয়া হয়?
কোন কোর্সে পড়ছেন তার উপর নির্ভর করে বৃত্তির (Swami Vivekananda Scholarship) পরিমাণ নির্ধারণ করা হয়। উচ্চ মাধ্যমিক বা ডিএলএড পাশ পড়ুয়ারা প্রতি মাসে ১,০০০ টাকা পান। পলিটেকনিকের ছাত্রছাত্রীরা মাসে ১,৫০০ টাকা করে পেয়ে থাকেন। বিজ্ঞান বিভাগের স্নাতক এবং বিভিন্ন পেশাদারি কোর্সের পড়ুয়াদের মাসে ১,৫০০ টাকা, অর্থাৎ বছরে ১৮ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়।
অন্যদিকে কলা ও বাণিজ্য বিভাগের স্নাতক স্তরের পড়ুয়ারা মাসে ১,০০০ টাকা করে পান। স্নাতকোত্তর স্তরে কলা ও বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের মাসিক বৃত্তি ২,০০০ টাকা। বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য সেই পরিমাণ ২,৫০০ টাকা।
এ ছাড়া আইআইটি, ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, নার্সিং, ফার্মেসি, বিএড এবং পিএইচডি-র মতো কোর্সও এই প্রকল্পের আওতায় রয়েছে। মেডিক্যালের ছাত্রছাত্রীরা মাসে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারেন।
আবেদনের জন্য কী কী নথি লাগবে?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (Swami Vivekananda Scholarship) আবেদন করার সময় মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, আগের পরীক্ষার নম্বরপত্র, ভর্তির প্রমাণপত্র, আয়ের শংসাপত্র, বাসস্থানের নথি, আধার বা ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুকের কপি, পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, মোবাইল নম্বর এবং ই-মেল আইডি জমা দিতে হবে।

আরও পড়ুনঃ লিখিত পরীক্ষা ছাড়াই কেন্দ্র সরকারের চাকরি! একসঙ্গে ৯৫১ পদে নিয়োগ, সুযোগ বাংলার প্রার্থীদেরও
কীভাবে আবেদন করবেন?
আবেদন করতে হলে প্রথমে সরকারি পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগ-ইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং সমস্ত নথি আপলোড করতে হবে। এই আবেদনের জন্য কোনও ফি লাগে না। প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য সরকারি ওয়েবসাইট থেকেই জানা যাবে (Swami Vivekananda Scholarship)।














