বাংলা হান্ট ডেস্কঃ শনিবার থেকে শিরোনামে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (Abhishek Banerjee PA) সুমিত রায়। তাঁর খোঁজে কাকভোরে তৃণমূল সাংসদের বাড়ি পৌঁছেছিল শালবনি থানার পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে তাঁকে পাওয়া যায়নি। ইতিমধ্যেই ‘বেপাত্তা’ সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এই আবহে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) খানিক ধাক্কা খেলেন তিনি।
হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক ঘনিষ্ঠ | (Calcutta High Court)
প্রার্থী করার নামে তোলাবাজি, জমি দুর্নীতির মতো বিস্ফোরক অভিযোগ উঠেছে সুমিতের বিরুদ্ধে। এদিকে বিগত প্রায় দু’দিন ধরে তাঁর কোনও খোঁজ নেই। এই পরিস্থিতিতে সুমিতকে নাগালে পেতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন জানিয়েছিল পুলিশ। সোমবার সেই আবেদন মঞ্জুর করেছে মেদিনীপুর আদালত। ইতিমধ্যেই অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
আরও পড়ুনঃ কৃষক বন্ধুর বদলে বাংলাতেও পিএম কিষাণ যোজনা! কী সুবিধা হবে জানুন
এরপর এদিনই সুমিতের হয়ে আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁর আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আগাম জামিনের আর্জি গ্রহণ করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়। বিচারপতি মামলা দায়েরের নির্দেশ দিলেও দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেন। এতে অভিষেকের আপ্তসহায়কের চাপ খানিকটা বাড়ল।
শালবনিতে একটি জমি দুর্নীতি মামলায় সুমিতের নাম জড়িয়েছে। সেই মামলায় অভিযুক্ত হিসেবে তাঁর নাম রয়েছে। এর পাশাপাশি মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক, বর্তমানে জেলবন্দি সুজয় হাজরা অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন।

শনিবার সুমিতের খোঁজে কাকভোরে অভিষেকের বাড়িতে হানা দেয় শালবনি থানার পুলিশ। তালা ভেঙে ভিতরে ঢুকে বেশ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। তবে সুমিতকে পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে তৃণমূল সাংসদের বাড়ি গিয়েছিলেন তাঁরা। এরপর প্রায় দু’দিন কেটে গেলেও ‘বেপাত্তা’ অভিষেকের আপ্তসহায়ক। এবার একদিকে তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। অন্যদিকে আগাম জামিন চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হলেন সুমিতের আইনজীবী।













