বাংলাহান্ট ডেস্ক: বাংলায় বর্ষা প্রবেশ করলেও এখনও কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তার দেখা মেলেনি। সমানে বাড়ছে গরম। বাড়ছে অস্বস্তি। উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় অস্বস্তিকর আবহাওয়া। এই অবস্থায় বৃষ্টির অপেক্ষায় সকলের চাতকের দশা। কবে একটু ঝমঝমিয়ে বৃষ্টি? এই নিয়েই এবার বড় খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী ড. সৌরিশ বন্দ্যোপাধ্যায় bangla.aajtak.in-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ২০ জুনের পর থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। তার কথায়, ‘আমাদের রাজ্যে ১২ জুন বর্ষা প্রবেশ করেছে। কিন্তু মৌসুমি বায়ুর তেমন শক্তি নেই। বৃষ্টি নামানোর মতো নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের মতো বড় কোনও আবহাওয়া ব্যবস্থা এখনও তৈরি হয়নি।’
তিনি জানান যে, আগামী ২-৩ দিন একই ধরনের গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। ২০ জুনের পর থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। যার জেরে তাপমাত্রা কমতে পারে ২-৩ ডিগ্রি। তিনি আরও জানান, বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা কম এবার। বজ্রপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গে অন্যান্য বছরের তুলনায় বর্ষার বৃষ্টিপাত এবার কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির অধিক সম্ভাবনা। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের দাপট বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন: ‘এই সুবিধা দেওয়া হবে না..,’ ফর্ম ফিল আপ করলেও এরা পাবে না অন্নপূর্ণা যোজনার টাকা
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের বর্ষা ফুল ফর্মে। সব জেলাতেই আপাতত টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া বাকি সব জেলাতেই কম-বেশি ঝড়-বৃষ্টি হবে চলতি সপ্তাহে।













