বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকারের প্রথম বাজেট। আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশ হতে চলেছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের জন্য ঘোষণা হতে চলা এই বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। সরকারি কর্মীদের চোখ ডিএ-র দিকে। এদিকে বাজেটে সরকারি হেলথ স্কিমের সুবিধার দাবি তুলেছে পশ্চিমবঙ্গের শিক্ষক মহল (Teachers)।
শিক্ষকদের জন্য স্বাস্থ্য প্রকল্পের ঘোষণা হবে বাজেটে? Teachers
‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’ (WBHS) চালু করার দাবি জানিয়ে সরব শিক্ষকেরা। এই বিষয়ে গত ২৯ মে নবান্নে নতুন সরকারের মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব এবং অর্থ সচিবের কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষকদের এই সরকারি হেলথ স্কিমের আওতায় আনার দাবি বহুদিন ধরে তোলা হচ্ছিল। এবার বাজেটে কী বহু দিনের সেই দাবি মেটানো হতে চলেছে? সেদিকেই তাকিয়ে শিক্ষক মহল।
সম্প্রতি এই বিষয়ে বলতে গিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, ‘বিগত রাজ্য সরকারের কাছে বারবার দাবি জানিয়ে কোনও সুফল হয়নি। তাই বর্তমান রাজ্য সরকারের কাছে আগামী ২২ জুন রাজ্য বাজেটে বকেয়া মহার্ঘ ভাতা ও সপ্তম বেতন কমিশনের পাশাপাশি কর্মরত এবং অবসরপ্রাপ্ত সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, লাইব্রেরিয়ানের জন্য দীর্ঘদিনের দাবি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু করার আবেদন জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘গত ২৯ মে নবান্নে গিয়ে আমরা নতুন সরকারের মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব এবং অর্থ সচিবের কাছে লিখিতভাবে এই আবেদন তুলে ধরেছি। আমরা চাই রাজ্য বাজেটে তার প্রতিফলন ঘটুক।’ উল্লেখ্য, ২০০৮ সালে মূলত রাজ্য সরকারি কর্মচারী এবং তাঁদের পরিবারের চিকিৎসা খরচের দিকে স্বস্তি দিতে এই প্রকল্প চালু করা হয়েছিল। ২০১৪ সালে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদেরও এর আওতায় আনা হয়।

আরও পড়ুন: জি৭ থেকে বিদেশি বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ মোদীর! ইউরোপের শিল্পমহলের সঙ্গে করলেন বৈঠক
ক্ষমতায় আসার আগেই সরকারি কর্মীদের একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। সেই মতো বিজেপি সরকারের প্রথম বাজেট ঘিরে অনেক প্রত্যাশা রয়েছে সরকারি কর্মীদের। পঞ্চম বেতন কমিশনের আওতায় প্রাপ্ত বকেয়া ডিএ, পে কমিশন নিয়ে বড় কোনও ঘোষণা হতে পারে বলে আশাবাদী রাজ্য সরকারি কর্মচারীরা। সম্প্রতি মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, রাজ্য বাজেটে তাদের ডিএ নিয়ে ‘সুখবর’ আসবে। এবার বহুদিনের ‘বঞ্চনার’ পর শিক্ষকদের সমস্ত দাবি রাখা হয় কী না সেটাই দেখার।

















