বাংলা হান্ট ডেস্কঃ কলকাতাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর শহর হিসেবে গড়ে তুলতে নতুন পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। শহরের বিভিন্ন জায়গায় ডিজিট্যাল হোর্ডিং বসানোর পাশাপাশি তৈরি করা হবে স্মার্ট ডিজিট্যাল বাসস্ট্যান্ড। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ধাপে ধাপে কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য শহরেও এই ব্যবস্থা চালু করা হবে।
ডিজিট্যাল বাসস্ট্যান্ড তৈরীর পরিকল্পনা রাজ্য সরকারের (West Bengal Government)
সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রা পাল জানান, বিদেশের বড় শহরগুলির মতো কলকাতাতেও ডিজিট্যাল হোর্ডিং বসানো হচ্ছে। প্রথম পর্যায়ে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট এবং থিয়েটার রোডকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে দু’টি জায়গায় ইতিমধ্যেই হোর্ডিং বসানোর কাজ শেষ হয়েছে। সেখানে শনি ও রবিবার ফুটবল বিশ্বকাপের ম্যাচও দেখানো হচ্ছে।
এর পাশাপাশি শহরে তৈরি হবে ডিজিট্যাল বাসস্ট্যান্ড। এই বাসস্ট্যান্ডগুলি সোলার প্যানেলের মাধ্যমে চলবে, ফলে আলাদা করে বিদ্যুতের খরচ হবে না। যাত্রীদের সুবিধার জন্য সেখানে মোবাইল চার্জ করার ব্যবস্থা থাকবে। এছাড়া ডিজিট্যাল স্ক্রিনে কোন বাস কখন আসবে, সেই তথ্যও দেখা যাবে।
শুধু তাই নয়, শিশুদের নিয়ে যাতায়াত করা মায়েদের সুবিধার কথা ভেবে ডায়পার পরিবর্তনের ব্যবস্থাও রাখা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে শুধু কলকাতা নয়, রাজ্যের অন্যান্য শহরাঞ্চলেও এই ধরনের আধুনিক বাসস্ট্যান্ড তৈরি করা হবে।

আরও পড়ুনঃ প্রথম বাজেটেই বড় বার্তা, কী কী ঘোষণা হতে পারে বাংলায়?
অন্যদিকে, কয়েকদিন আগেই পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে একটি টোল-ফ্রি নম্বর চালু করা হয়েছে। ওই নম্বরে ফোন করে সাধারণ মানুষ জল জমা, ডেঙ্গির সমস্যা, রাস্তার খারাপ অবস্থা বা বেআইনি নির্মাণের মতো বিষয় সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে (West Bengal Government)।
















