বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের নতুন বাজেটে (West Bengal Budget 2026) যুবসমাজকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীদের বিভিন্ন দাবি ও প্রত্যাশার মধ্যে অন্যতম ছিল আর্থিক সহায়তা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য সরকারি উদ্যোগ। সেই দাবিগুলির কথা মাথায় রেখেই একাধিক নতুন প্রকল্প ও সুবিধার কথা ঘোষণা করেছে সরকার।
শিক্ষিত বেকারদের জন্য ভাতা ঘোষণা বাজেটে (West Bengal Budget 2026)
বাজেট ঘোষণায় সামনে এসেছে ‘ভরসা কর্মসূচি’। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের শিক্ষিত বেকারদের নিয়মিত আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে, ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর ২০২৬ থেকে ‘ভরসা কর্মসূচি’ চালু করা হবে।
এই স্কিমে গ্রাজুয়েট বেকারদের জন্য মাসে ৩,০০০ টাকা, অন্যদের ২০০০ টাকা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে ১ লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। নির্বাচনী প্রচারে বেকারদের জন্য বিশেষ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি চাকরির পরীক্ষায় অংশগ্রহণকারী যুবকদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেওয়া হয়েছিল।
সেই প্রতিশ্রুতিরই অংশ হিসেবে ‘যুব শক্তি ভরসা কার্ড’-এর কথা সামনে আনা হয়েছিল, যেখানে মাসিক ৩ হাজার টাকা ভাতা প্রদানের কথা উল্লেখ ছিল। সরকার গঠনের পর প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে দাবি করা হয়েছিল। এবারের বাজেটে আনুষ্ঠানিকভাবে সেই উদ্যোগের আর্থিক রূপরেখাও তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন : কলেজ ছাত্রীরা পাবে ৫০ হাজার টাকা! বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
শুধু ভাতাই নয়, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে আগ্রহী ছাত্রছাত্রীদের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনাখরচের কোচিং সেন্টার চালু হবে। রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যের কোচিং সেন্টার। সেই সঙ্গে সরকারি ও সরকারপোষিত কলেজের ছাত্র-ছাত্রীরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁদের এককালীন ৩০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এজন্য ৩০ কোটি টাকার অর্থ-বরাদ্দের প্রস্তাব নেওয়া হয়েছে বাজেটে। এই পদক্ষেপের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আর্থিক চাপ কমবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আরও বেশি সংখ্যক যুবক-যুবতী উৎসাহিত হবেন।

















