শেষ মুহূর্তের গোলে সূর্যাস্ত দেখলো সূর্যোদয়ের দেশ! জেদি জাপানকে টেক্কা দিয়ে শেষ ১৬-তে পৌঁছলো ব্রাজিল

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দুর্দান্ত লড়াই, দুর্দান্ত ডিফেন্স এবং দুরন্ত কামব্যাক। জাপানের (Japan) মরিয়া লড়াই ব্যর্থ করে টানটান উত্তেজনাকর ম্যাচে অসাধারণ জয় পেলো ব্রাজিল (Brazil)। প্রথমার্ধে জাপানের দুরন্ত গতি বেগ দিয়েছিল ব্রাজিলকে। এগিয়ে গিয়েছিল এশিয়ার দেশটি। কিন্তু শেষপর্যন্ত ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তির মগজাস্ত্রের সামনে হার মেনে বিশ্বকাপ (FIFA World Cup 2026) থেকে বিদায় নিতে বাধ্য হয় সূর্যোদয়ের দেশ।

প্রথমার্ধে ক্যাসিমিরোর মিস পাসের সুযোগ নিয়ে তীব্র গতিতে বক্সে ঢুকে এসে গোল করে জাপানকে এগিয়ে দেন মিডফিল্ডার কাইসু সানো। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে গ্যাব্রিয়েলের নিখুঁত ক্রস দুরন্ত হেডে জালে জড়িয়ে সেই ভুলের প্রায়শ্চিত্ত করেন সেই ক্যাসেমিরোই।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণে এন্ড্রিককে এনে চাপ বাড়ান কার্লো। মুহুর্মুহু আক্রমণে এসে জাপানের ডিফেন্সকে পরীক্ষার সামনে ফেলে ব্রাজিল। ভিনিসিয়স জুনিয়রকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় জাপানি ডিফেন্ডারদের। কিন্তু গোল হজম করার পরেও ডিফেন্সকে নিশ্ছিদ্র করে রাখে জাপান। একাধিক আক্রমণ তুলে এনেও জাপানি গোলরক্ষক সুজুকিকে পরাস্ত করতে ব্যর্থ হয় সাম্বা ব্রিগেড।

আরও পড়ুন: বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে ফেভারিট এই ৩ তারকা! তালিকায় আর্জেন্টিনার এক

শেষপর্যন্ত মরিয়া হয়ে আর্সেনাল তারকা গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে মাঠে আনেন কার্লো। ম্যাচের অতিরিক্ত সময়ে জাপানের ডিফেন্সের ভুলে বিপজ্জনক জায়গায় বল পান ব্রাজিল মিডফিল্ডার ব্রুনো গুইমারেস। নিজে শট না নিয়ে তিনি ভালো পজিশনে থাকা মার্টিনেল্লির উদ্দেশ্যে বল রাখেন। দুরন্ত শটে গোলরক্ষককে পরাস্ত করে ব্রাজিলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন সুপার সাব মার্টিনেল্লি।

আরও পড়ুন: ৩ ম্যাচে ৬ গোল, জর্ডানের বিরুদ্ধে ম্যাচেও বিশ্বরেকর্ড মেসির! অপরাজিত থেকে নক-আউটে আর্জেন্টিনা

ব্রাজিল জিতলেও জাপানের মরিয়া লড়াইকে কুর্নিশ জানাচ্ছে গোটা ফুটবল বিশ্ব। গ্রূপপর্বে নেদারল্যান্ডস ও সুইডেনের মতো শক্তিশালী প্রতিপক্ষকে আটকে দেয় তারা। নক-আউটেও পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যথেষ্ট বেগ দিয়েছে এশিয়ার সেরা দল। শেষ ১৬-তে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ হতে চলেছে আফ্রিকার আইভরি কোস্ট বা এর্লিং হাল্যান্ডের নরওয়ে। সেই ম্যাচের আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে ব্রাজিল শিবিরের।