সূর্যবংশীকে সুযোগ না দিয়ে ভণ্ডামি করেছেন গম্ভীর! বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন ভারতীয় তারকা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আয়ারল্যান্ডের বিরুদ্ধে (Ireland vs India) সিরিজ হেরে লজ্জার নতুন ইতিহাস তৈরী করেছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। গোটা সিরিজে তরুণ প্রতিভাবান বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) সুযোগ দেয়নি টিম ম্যানেজমেন্ট। আর সেই নিয়েই চূড়ান্ত ক্ষুব্ধ মহম্মদ কাইফ (Mohammad Kaif)। প্রাক্তন ভারতীয় তারকার মতে বৈভবকে সুযোগ না দিয়ে নিজেই নিজের কথার খেলাপ করেছেন গম্ভীর ও ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ২-০ ফলে লজ্জার হার স্বীকার করতে হয়েছে ভারতকে। বৈভবকে সুযোগ না দিয়ে বিশ্বকাপ জয়ী ওপেনিং জুটির ওপরই ভরসা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিনা কারণে বিশ্বকাপজয়ী ওপেনিং জুটিকে ভেঙে নতুন কোনও পরীক্ষা নিরীক্ষা করতে চাননি গৌতম গম্ভীররা। কিন্তু এই যুক্তি মানতে নারাজ কাইফ।

কাইফ সোজাসুজি বলেছেন যে এর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল। চলতি বছরে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক সূর্যকুমার যাদবকেও বাদ দেওয়া হয়েছে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর থেকে। সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডের যুক্তি ছিল যে তারা তারুণ্যের ওপর ভরসা রেখে অতীত আঁকড়ে না বেঁচে ভবিষ্যতের দিকে তাকাতে চান। কিন্তু বৈভবকে না খেলিয়ে সেই যুক্তিরই বিরোধিতা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, এমনটাই মনে করেন কাইফ।

আরও পড়ুন: মাত্র ৬৪ ম্যাচেই ইতিহাস! রোহিত শর্মার ODI রেকর্ড ছুঁয়ে ফেললেন শুভমান গিল! এবার সামনে কারা?

এই প্রসঙ্গে কাইফ বলেছেন, “টিম ম্যানেজমেন্টকে সেরা একাদশ বেছে নিতে হলে তাতে বৈভব সূর্যবংশীর নাম রাখা উচিত ছিল। তাকে বাদ দেওয়ার যুক্তি হিসেবে বলা হয়েছিল যে, এখন দলটা বিশ্বকাপজয়ী আর টিম ম্যানেজমেন্ট সেই একই একাদশ ধরে রাখার চেষ্টা করবে। কিন্তু আপনাদের যুক্তি কি আদেও সঠিক? গতবছর রোহিত শর্মাই তো ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক। পরের সিরিজেই তার কাছ থেকে নেতৃত্বের দায়িত্ব ছিনিয়ে নেওয়া হয় আর তরুণদের সুযোগ দেওয়ার কথা বলা হয়। যদি আপনারা ভবিষ্যৎ ও তরুণদের কথা ভেবে থাকেন, তাহলে ১৫ বছর বয়সী এক প্রতিভাবান ব্যাটার সবচেয়ে বেশি সুযোগের দাবিদার হিসেবে ছিলেন। তিনি আইপিএলে সেরা বোলারদের বিরুদ্ধে দাপট দেখিয়েছেন।”

আরও পড়ুন: রোহিত শর্মাকে দল থেকে বাদ দিক BCCI! হিটম্যানকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন ভারতীয় তারকা ক্রিকেটার

প্রসঙ্গত, গত আইপিএলে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অরেঞ্জ ক্যাপ জেতার সম্মান অর্জন করেছেন বৈভব। একটি আইপিএল মরশুমে সবচেয়ে বেশি ছক্কা মারার ক্রিস গেইলের রেকর্ডটি ভেঙে দিয়েছিলেন তিনি। তারপর জাতীয় দলের জার্সি গায়ে তার অভিষেক দেখার অপেক্ষায় ছিলেন। এখন দেখার ভুল থেকে শিক্ষা নিয়ে ইংল্যান্ড সফরে তাকে সুযোগ দেয় কিনা ভারতীয় দল।