২০ দিনেই নতুন দুধিয়া ব্রিজ, পাহাড়ের নিরাপত্তা ও উন্নয়নে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

CM Suvendu Adhikari's big step for safety and development of North Bengal
Follow

বাংলা হান্ট ডেস্ক : বর্ষার আগে পাহাড়ি এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দীর্ঘদিন ধরে স্থানীয়দের দাবি মেটাতে ২০ দিনের মধ্যে নতুন করে নির্মিত দুধিয়া বেইলি ব্রিজের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একই মঞ্চ থেকে পাহাড়ের মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দেন শুভেন্দু অধিকারী।

উত্তরবঙ্গবাসীর জন্য ঘোষণা মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)

দার্জিলিংয়ের দুধিয়া এলাকায় বালাসন নদীর উপর থাকা এই সেতু বহু মানুষের দৈনন্দিন যাতায়াতের ভরসা। তবে লাগাতার বৃষ্টি এবং নদীর প্রবল স্রোতে অতীতে বারবার ক্ষতির মুখে পড়েছে এই সংযোগ ব্যবস্থা। সাম্প্রতিক দুর্যোগে পুরনো সেতুটি ভেসে যাওয়ার পর গোটা এলাকার যোগাযোগ কার্যত অচল হয়ে যায়। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটক ও নিত্যযাত্রীদেরও ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়।

গত বছরের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণায় জানা গেছে, দুর্যোগের সময়ে দ্রুত উদ্ধার অভিযান চালাতে আগামী সেপ্টেম্বর মাস থেকে পাহাড়ে ৫০ সদস্যের একটি স্থায়ী সিভিল ডিফেন্স দল মোতায়েন করা হবে। আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জামে সজ্জিত এই দল পুলিশ, সেনাবাহিনী এবং দমকল বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে জরুরি পরিস্থিতিতে কাজ করবে।

শুধু তাই নয়, উদ্ধারকাজ আরও কার্যকর করতে উন্নতমানের আধুনিক সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়াও শুরু হয়েছে। পাশাপাশি সৈনিক বোর্ডের মাধ্যমে প্রাক্তন সেনাকর্মীদের চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হবে। ভবিষ্যতে সিভিল ডিফেন্সের অধীনে বিশেষ ‘অগ্নিবীর’ ইউনিট গঠনের পরিকল্পনাও রয়েছে। মুখ্যমন্ত্রীর এই তৎপরতায় দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা মিরিক জানান, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত মাত্র দু মাসের কার্যকালে পাহাড়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিকাঠামো ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে সমস্ত পদক্ষেপ করেছেন, তা এককথায় নজিরবিহীন।

রাজ্য সরকারের উত্তরবঙ্গের জন্য যে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের কথা ঘোষণা করেছেন তারই খতিয়ান তুলে ধরে সংসদ বলেন, কালিম্পংয়ে নতুন মেডিক্যাল কলেজ থেকে শুরু করে দার্জিলিংয়ে আধুনিক ট্রমা সেন্টার নির্মাণের ছাড়পত্র মিলেছে। একইসঙ্গে সেখানে ৫০০ শয্যার একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির জন্য জমি দেখা হচ্ছে। কার্শিয়াং মহকুমা হাসপাতালের পরিকাঠামো সম্প্রসারণ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

CM Suvendu Adhikari's big step for safety and development of North Bengal

আরও পড়ুন : নিজের দলের কর্মীকেই ঠাটিয়ে চড়! মিছিলে বিশৃঙ্খলার পর মেজাজ হারালেন মমতা

চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের সামাজিক সুরক্ষার জন্য ৩১৩ কোটি টাকার বিশেষ তহবিল অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে ১ লক্ষ ২২ হাজারেরও বেশি উপভোক্তা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন বলেও উল্লেখ করেন সাংসদ।পাহাড়ের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। উত্তরবঙ্গের জন্য ঘোষিত এই উদ্যোগগুলির মাধ্যমে পাহাড়ের উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনের আশা, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পাহাড়ের মানুষের দৈনন্দিন জীবন যেমন সহজ হবে, তেমনই ভবিষ্যতের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাতেও প্রশাসন আরও প্রস্তুত থাকবে।