বাংলা হান্ট ডেস্ক: এশিয়ান গেমস (Asian Games 2026) শুরু হতে আর বেশি বাকি নেই। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের এশিয়ান গেমস। যেটি চলবে আগামী ৪ অক্টোবর, ২০২৬ পর্যন্ত। এমতাবস্থায়, এশিয়ান গেমসের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের জন্য ভারতীয় (India) ক্রীড়াবিদদের সিলেকশন ও কোয়ালিফিকেশনের পর্ব প্রায় সম্পন্ন। যদিও, এই আবহেই চিন্তা বাড়িয়েছে ডোপিংয়ের ছায়া। শুধু তাই নয়, এর ফলে একজন ক্রীড়াবিদকে বহিষ্কারও করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে শুটিংয়ে। যেখানে ডোপিংয়ের ঘটনা অত্যন্ত বিরল। রিপোর্ট অনুসারে, তরুণ পিস্তল শুটার গৌরব কুমার মসুরি ডোপিং পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। ডোপ পরীক্ষায় (Dope Test) তাঁর স্যাম্পেল পজিটিভ আসায় তাঁকে এশিয়ান গেমসের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।
এশিয়ান গেমসের (Asian Games 2026) স্কোয়াড থেকে বাদ পড়লেন ভারতের তরুণ শুটার:
কী জানা গিয়েছে: জানিয়ে রাখি যে, এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছে দ্য ট্রিবিউনের একটি রিপোর্ট। ওই রিপোর্ট অনুসারে, উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা গৌরবকে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি তথা NADA-র তরফে একটি অ্যাডভার্স অ্যানালিটিক্যাল ফাইন্ডিং (AAF) বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। যেখানে জানানো হয়েছে যে, তাঁর টেস্টে একটি নিষিদ্ধ পদার্থ শনাক্ত হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গত এপ্রিল ও মে মাসের মধ্যে সম্পন্ন হওয়া একটি শুটিং টুর্নামেন্টের সময় তাঁর স্যাম্পেল সংগ্রহ করা হয়েছিল এবং ওই টেস্টে প্রোপানোলল ও এই সম্পর্কিত যৌগ ৪-হাইড্রক্সি-প্রোপানোলল পাওয়া গেছে। যা হৃদস্পন্দন বাড়তে বাধা দেয়।

রিপোর্টে বলা হয়েছে যে, বিজ্ঞপ্তি জারির পর ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তথা NRAI তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে জাপানে সম্পন্ন হতে চলা ২০২৬ এশিয়ান গেমসের জন্য নির্বাচিত শুটিং স্কোয়াড থেকে গৌরব কুমার মাসুরিকে বাদ দিয়েছে। এদিকে, তাঁকে চিনে সম্পন্ন হতে চলা ISSF-এর শুটিং বিশ্বকাপ থেকেও বাদ দেওয়া হয়েছে। যদিও, NADA এখনও গৌরবের ওপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করেনি এবং তিনি এখনও শুটিং টুর্নামেন্টে অংশ নিতে পারছেন। কিন্তু খেলায় যেকোনও ধরণের বিপদের সম্ভাবনা দূর করতে NRAI ইতিমধ্যেই এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।
আরও পড়ুন: E20 পেট্রোলে মাইলেজ কিছুটা প্রভাবিত হলেও ক্ষতি হবে না গাড়ির! স্পষ্ট জানালেন নিতিন গড়করি
কী জানিয়েছেন শুটারের কোচ: উল্লেখ্য যে, এশিয়ান গেমসে গৌরবের পরিবর্তে আকাশ ভরদ্বাজ অংশ নেবেন। গৌরবের ১০-মিটার পিস্তল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। এদিকে, গৌরবের কোচ শেখর তোমর স্পষ্ট করেছেন যে তিনি এই বিষয়ে NADA-কে একটি জবাব জমা দিয়েছেন।
তিনি আরও দাবি করেছেন যে, গৌরব এর আগেও তাঁর ডোপিং কন্ট্রোল ফর্মে জানিয়েছিলেন যে তিনি ‘পেনকিলার” ওষুধ ব্যবহার করেছেন। পাশাপাশি শেখর জানিয়েছেন তাঁরা NADA-র সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন।
















