বাংলাহান্ট ডেস্ক: জুনের পর জুলাই মাসেও অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা নিয়ে অভিযোগ মহিলাদের। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে ঠিকই, তবে সকল ‘যোগ্যরা’ টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। অনেক যোগ্য উপভোক্তা সরকারি এই প্রকল্প থেকে বঞ্চিত বলে অভিযোগ। সেই সমস্যা সমাধানে এবার আবেদনকারীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ শুরু করল সরকার।
অন্নপূর্ণা যোজনার যাচাই প্রক্রিয়া শুরু | Annapurna Yojana
জানা যাচ্ছে, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়তায় এই ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। যত দ্রুত সম্ভব প্রক্রিয়া শেষ করে ‘যোগ্যদের’ চিহ্নিত করে টাকা পাঠানোর কাজ শুরু হবে বলে খবর। প্রশাসনিক সূত্র মারফত খবর, ইতিমধ্যেই কয়েক হাজার আবেদনকারীর বাড়িতে গিয়ে নথিপত্র যাচাইয়ের কাজ সম্পন্নও হয়েছে।
গোটা প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকতে শুরু করবে বলে প্রশাসনিক সূত্রে খবর। যাঁদের ক্ষেত্রে আবেদনপত্রের স্ট্যাটাসে “Application Rejected” বা “Under Enquiry” ছিল তাঁদের ক্ষেত্রে ভেরিফিকেশন করা হচ্ছে বলে খবর।
ভেরিফিকেশনের ক্ষেত্রে আবেদনকারীর আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ব্যাঙ্কের পাসবই, মোবাইল নম্বর-সহ আবেদনপত্রে ব্যবহৃত তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। আবেদনপত্রে থাকা প্রশ্নের পাশাপাশি খতিয়ে দেখা হতে পারে আবেদনকারীর আর্থিক অবস্থাও। সমস্ত দিক বিবেচনা করে ‘যোগ্য’ উপভোক্তা বাছাই করা হবে।

আরও পড়ুন: ‘আদালতকে অ্যাবিউজ করছেন’, অভিষেককে কড়া ‘ডোজ’ হাইকোর্টের, দিতেই হবে ভয়েস স্যাম্পেল
প্রশাসনিক সূত্রে খবর, যাতে প্রযুক্তিগত ত্রুটি, নথির অসঙ্গতি বা কেওয়াইসি সংক্রান্ত সমস্যা বা অন্য কোনো কারণে কোনও যোগ্য আবেদনকারী সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। অনেকেই মনে করছেন, সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করলে অনেক বাদ পড়া ‘যোগ্য’ উপভোক্তা প্রকল্পের আওতায় চলে আসবেন।

















