বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভারতের (India) বিভিন্ন সেক্টর একাধিক পরিবর্তনের সম্মুখীন হচ্ছে। সেই রেশ বজায় রেখেই ভারতীয় অটোমোবাইল শিল্পও (Automobile Industry) বর্তমানে একটি বড় প্রযুক্তিগত ও কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বৈদ্যুতিক গাড়ির (EV) ক্রমবর্ধমান চাহিদা এবং অ্যাডভান্সড অটোমোটিভ টেকনোলজির (AAT) প্রসারের আবহে, কেন্দ্রীয় সরকারের প্রোডাকশন লিঙ্কড ইন্সেন্টিভ (Auto PLI) প্রকল্পটি এখন তার সবচেয়ে কার্যকর পর্যায়ে পৌঁছেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল অটো PLI প্রকল্পের (PLI Scheme) অধীনে ইন্সেন্টিভ বিতরণের পরিমাণ ২০২৬-২৭ অর্থবর্ষে (FY27) ৪,০০০ কোটি টাকায় পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে।
ভারতের (India) অটোমোবাইল সেক্টর পাবে আরও গতি!
একদম শুরুর দিকের বছরগুলিতে উৎপাদন কেন্দ্র স্থাপন এবং উল্লেখযোগ্য মূলধনী বিনিয়োগ (ক্যাপেক্স) করার পর, অটো কোম্পানি এবং যন্ত্রাংশ প্রস্তুতকারীরা এখন বৃহৎ পরিসরে উৎপাদন শুরু করেছে। যার প্রত্যক্ষ সুফল এখন ইন্সেন্টিভ প্রদানের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। এমতাবস্থায়, প্রশ্ন উঠতে পারে যে অটো PLI-র ইনসেনটিভ প্রদানে এই আকস্মিক বৃদ্ধির কারণ কী? পাশাপাশি এর ফলে ‘মেক ইন ইন্ডিয়া’, বৈদ্যুতিক গাড়ির বাজার এবং সাধারণ ভারতীয় গ্রাহকদের ওপরেই বা কী প্রভাব পড়বে? বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

৪,০০০ কোটি টাকা বিতরণ করা হবে: জানিয়ে রাখি যে, সরকার এই অর্থবর্ষে অটোমোবাইল এবং অটো যন্ত্রাংশের জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভস্কিম তথা অটো PLI-র অধীনে প্রায় ৪,০০০ কোটি টাকা বিতরণ করবে বলে অনুমান করছে। ২০২৬ অর্থবর্ষে অতিরিক্ত বিক্রয় অর্জনকারী যোগ্য সংস্থাগুলিকে এই ইনসেনটিভ দেওয়া হবে। আধিকারিকরা জানিয়েছেন, বাজাজ অটো এই অর্থবর্ষে এই প্রকল্পের অধীনে ইতিমধ্যে প্রায় ৭৫০ কোটি টাকা পেয়েছে। গত সপ্তাহে এই দাবিগুলির নিষ্পত্তি করা হয়েছে। এছাড়াও, বাজাজ অটো এই অর্থবর্ষে ইনসেনটিভ দাবি করা ও পাওয়া প্রথম সংস্থা বলে ET-কে জানিয়েছেন এক উচ্চ আধিকারিক। তিনি আরও জানান যে, সংস্থাটির প্রায় ৬,০০০ কোটি টাকার অতিরিক্ত বিক্রির জন্য এই ইনসেনটিভ দেওয়া হচ্ছে।
৫,৯৩৯.৮৭ কোটি টাকার সংস্থান: ২০২৪-এর অগাস্টের এক বিবৃতিতে, পুণে স্থিত বাজাজ অটো জানায় যে, তারা অটো PLI প্রকল্পের অধীনে ১৩ টি গাড়ির অনুমোদন পেয়েছে। এর মধ্যে দুই-চাকা এবং তিন-চাকা উভয় ধরণের যানবাহনই অন্তর্ভুক্ত ছিল এবং বাজাজ অটো দাবি করেছে যে তারা এই প্রকল্পের ডোমেস্টিক ভ্যালু অ্যাডিশ পূরণ করেছে। ২০২৭ অর্থবর্ষের বাজেটে ৫,৯৩৯.৮৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা পূর্ববর্তী অর্থবর্ষের ২,০৯১.২৬ কোটি টাকার প্রায় ৩ গুণ। প্রকল্পটি ২০২১ সালের সেপ্টেম্বরে ২৫,৯৩৮ কোটি টাকার বাজেট বরাদ্দসহ অনুমোদন পেয়েছিল।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে কবে প্র্যাক্টিস ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া? জানুন দিনক্ষণ
মূলত, অতিরিক্ত উৎপাদন, বিনিয়োগ এবং DVA লক্ষ্যমাত্রা পূরণের মতো শর্তের ভিত্তিতে ২০২৩-২৪ সাল থেকে ইনসেনটিভ দেওয়ার কথা ছিল। গত ডিসেম্বরে, ভারী শিল্প মন্ত্রক অনুমান করেছিল যে অটো PLI প্রকল্পের সুবিধাভোগীরা ৩২,৮৭৯ কোটি টাকার বিক্রয় অর্জন করেছেন। সংসদে একটি প্রশ্নের উত্তরে ভারী শিল্প প্রতিমন্ত্রী ভূপতিরাজু শ্রীনিবাস বর্মা জানিয়েছেন যে, ৫ টি আবেদনকারীর মধ্যে ১,৩৫০.৮৩ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

















