বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি ক্ষমতায় আসার পরেই রাজ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana) চালু হওয়ার কথা ঘোষণা করা হয়। এরপর থেকে সকলের প্রশ্ন ছিল, এই প্রকল্পের পরিষেবা কবে থেকে চালু হবে? এবার সেই উত্তরও দিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। শুক্রবার মাঝারি ও ছোট হাসপাতালগুলির সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেন তিনি।
আয়ুষ্মান ভারত যোজনা নিয়ে বড় আপডেট | (Ayushman Bharat Yojana)
গতকাল স্বাস্থ্যভবনে বিভিন্ন মাঝারি ও ছোট বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও অন্যান্য শীর্ষস্থানীয় স্বাস্থ্যকর্তারা। এরপর স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১৬ আগস্ট থেকে বাংলায় আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা চালু হবে।
আরও পড়ুনঃ স্কুলে যাওয়ার পথে শিক্ষককে খুন! সাতসকালে ইসলামপুরে শুটআউট, তদন্তে পুলিশ
বৈঠক শেষে শারদ্বত বলেন, “অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। ছোট ও মাঝারি বেসরকারি হাসপাতালের উন্নয়ন, উন্নত রোগী পরিষেবা, সরকার ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির সমন্বয় বৃদ্ধি ও সাধারণ মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার নানা বিষয় নিয়ে বিশদে আলোচনা হয়।“
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আয়ুষ্মান ভারত যোজনা চালুর প্রস্তুতির অংশ হিসেবে রাজ্যের সব বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে আবশ্যিকভাবে ফায়ার নর্মস মানতে হবে। পাশাপাশি হাসপাতালে এলে সবাই যাতে দেখতে পায় এমন জায়গায় বাংলায় রেট চার্ট এবং চালু ও আপাতত বন্ধ পরিষেবার লম্বা তালিকা টাঙাতে হবে। এছাড়া প্রশাসনের নির্দেশ মতো প্রত্যেকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক ব্যবস্থা ও দু’দিকে সিঁড়ির মতো মৌলিক নিরাপত্তা শর্ত মানতে হবে।

শারদ্বত বলেন, “আয়ুষ্মান ভারত পরিষেবায় সব বেসরকারি হাসপাতালকে এই প্রকল্পের নির্ধারিত রেটই নিতে হবে। তবে যারা এনএবিএইচ স্বীকৃত, তাঁদের ১০ শতাংশ বেশি রেট দেওয়া হবে।“
স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রের সুপারহিট প্রকল্পগুলির মধ্যে একটি আয়ুষ্মান ভারত যোজনা। এই প্রকল্পে বছরে ৫ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যায়। স্বাধীনতা দিবসের পর থেকেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের পরিষেবা শুরু হয়ে যাবে।













