বাংলাহান্ট ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যে রাজ্যে সপ্তম বেতন কমিশন (7th pay commission) চালু হবে। সেই লক্ষ্যে নয়া পে কমিশনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ‘শর্তাবলি ও কার্যপরিধি’ নির্দিষ্ট করে বিজ্ঞপ্তিও জারি করেছে নবান্ন (Nabanna)। রাজ্য সরকারের এই পদক্ষেপে যখন খুশি সরকারি কর্মীদের একটা অংশ, সেই সময় এই ‘টার্মস অফ রেফারেন্স’ নিয়ে বিস্ফোরক কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
সপ্তম পে কমিশন নিয়ে গোড়াতেই বিতর্ক! 7th pay commission
সোশ্যাল মিডিয়াতে নয়া পে কমিশন নিয়ে বার্তা দিতে গিয়ে মলয়বাবু বলেছেন, “এই সরকারের পে কমিশনের টার্মস অফ রেফারেন্স-এর ফলাও করে প্রচার হচ্ছে। একপ্রকার ভাইরাল হয়েছে। তবে এর সত্যতা আছে বলে আমরা অন্তত মনে করিনা। পে কমিশন গঠন হওয়ার পরে টার্মস অফ রেফারেন্স একটা জানিয়ে দিতে হয়। কিন্তু এখানে দেখছি বেতন বৃদ্ধি থেকে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, পরিবহন ভাতা, শিক্ষা ভাতা এমনকি হোস্টেল ভাতা, অবসরকালীন ভাতা, পেনশন কমিউট, সর্বক্ষেত্রে বৃদ্ধির কথা বলা হয়েছে। অর্থাৎ ব্যাপারটা এরম যে সরকার বেতন কমিশন আর বেতন কমিশন সরকার। তাই নয় কী?”
তার কথায়, “বেতন কমিশনের কাছে সুপারিশ করছে সরকার যে বেতন যাতে বৃদ্ধি হয়।” তিনি বলেন, বিগত দিনের যে ষষ্ঠ বেতন কমিশনের মহার্ঘ্য ভাতা সুপারিশটাই ছিল না। কেন ছিল না সেটাও আমরা জানি। এবার আমাদের সপ্তম বেতন কমিশন হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতের যে রায় সেই রায়টা তো মানতেই হবে। আজকে যে টার্মস অফ রেফারেন্সটা ঘুরে বেরাচ্ছে, এগুলো সরকারি কর্মচারী সংগঠন তাদের মেমোরেন্ডমে জানাবে।”
এদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজ ‘টার্মস অফ রেফারেন্স’ নিয়ে প্রশ্ন তুললেও নয়া পে কমিশনের লক্ষ্যে রাজ্য পদক্ষেপ করায় খুশি সরকারি কর্মচারীদের আরেক সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের তরফে আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান তারা সন্তুষ্ট।

আরও পড়ুন: আগামী মাস থেকে কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
ভাস্করবাবুর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের পরামর্শ দিয়েছিল যে যাঁরা কেন্দ্রীয় হারে ডিএ এবং বেতন চাইছেন, তাঁরা দিল্লি চলে যান। আমরা সেই দিল্লির সরকারকেই এখানে নিয়ে এসেছি। আর আজ প্রকাশিত রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে আমাদের বেশির ভাগ দাবিকেই মান্যতা দেওয়া হয়েছে। তাই আমরা এই বিজ্ঞপ্তি দেখে সন্তুষ্ট।”













