তৃণমূল আমলে দেওয়া সব OBC সার্টিফিকেট বাতিল! বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

Published on:

Published on:

Calcutta High Court cancels all OBC Certificate issued during TMC governance
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। এবার সেই শংসাপত্র নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তৃণমূল আমলে নতুন নিয়মে দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিল বিচারপতি রাজশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিংহের ডিভিশন বেঞ্চ।

ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ হাইকোর্টের | (Calcutta High Court)

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর ওবিসি-এ ও ওবিসি-বি ক্যাটাগরি তুলে দিয়েছে। অন্যান্য অনগ্রসর শ্রেণি তথা ওবিসির জন্য একটিই সংরক্ষণ রাখার সিদ্ধান্ত নিয়েছে নতুন রাজ্য সরকার। বুধবার হাইকোর্ট জানায়, বর্তমানে ওবিসি-এ ও ওবিসি-বি বলে আর কিছু নেই। সেই কারণে ওই ধরণের শংসাপত্রগুলি বাতিল করা হল। এবার থেকে তাঁরা জেনারেল ক্যাটাগরি তথা সাধারণ শ্রেণি হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুনঃ প্রথমে ১২ হাজার কনস্টেবল, তারপর…! রাজ্য পুলিশে মেগা নিয়োগের ঘোষণায় খুশি চাকরিপ্রার্থীরা

২০১০ সালের পর রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণিকে দু’ভাগে বিভক্ত করা হয়, ওবিসি-এ ও ওবিসি-বি। তৃণমূল আমলেই ওবিসি সার্টিফিকেট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। জল গড়িয়েছিল আদালত অবধি।

তৃণমূল আমলে ওবিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই সূত্রে ২০২৪ সালে ওবিসি সংক্রান্ত মামলায় ৬৬টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। তাঁদের সার্টিফিকেট বাতিলের পাশাপাশি নতুন করে সমীক্ষার মাধ্যমে তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল আদালত।

এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৎকালীন রাজ্য সরকার। তবে হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। এরপর আদালতের নির্দেশ অনুসারে নতুন করে সমীক্ষা করে ওবিসি-এ ও ওবিসি-বি তালিকায় কিছু রদবদল করে তৃণমূল সরকার। সেই নিয়েও আপত্তি তুলেছিল উচ্চ আদালত।

Calcutta High Court

অভিযোগ, মাত্র ২৫০০ নমুনা সংগ্রহ করে সমীক্ষা ও তার ভিত্তিতে নতুন তালিকা তৈরি করা হয়েছে। এর মাধ্যমে মোট ১৪২টি জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়। হাইকোর্ট এই বিষয়ে আপত্তি তুললে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। এবার শীর্ষ আদালত কোনও স্থগিতাদেশ না দেওয়ায় নতুন নিয়ম অনুসারে ওবিসি সার্টিফিকেট দেওয়ার কাজ চলছিল।

তবে বিজেপি সরকার গঠনের পর ওবিসি সম্প্রদায়ের ক্ষেত্রে বিভাজন তুলে দেয়। পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকে মামলাও তুলে নেওয়া হয়। ফলে তৃণমূল আমলে নতুন নিয়মে দেওয়া ওবিসি সার্টিফিকেটগুলি বৈধতা হারায়। এবার সেগুলি বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট।