রাজ্য সরকারি কর্মীদের প্রমোশনে কড়া নিয়ম, মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া মিলবে না পদোন্নতি

Published on:

Published on:

Strict rules for promotion of state government employees‌
Follow

বাংলা হান্ট ডেস্ক : রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) পদোন্নতি ও বদলির নিয়মে বড়সড় পরিবর্তন আনল সরকার। এবার থেকে উচ্চ বেতনস্তরের পদে প্রমোশনের ক্ষেত্রে আরও কড়া নজরদারি থাকবে। নির্দিষ্ট স্তরের পদে কাউকে উন্নীত করতে হলে শুধু সংশ্লিষ্ট দফতরের সিদ্ধান্তই যথেষ্ট হবে না, প্রয়োজন পড়বে মুখ্যমন্ত্রীর অনুমোদনেরও। পাশাপাশি বদলির ক্ষেত্রেও কর্মীদের জন্য নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।

সরকারি কর্মীদের(Government Employees) পদোন্নতিতে বড় পরিবর্তন

পশ্চিমবঙ্গ সরকারের তরফে নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ২০১৯ সালের বেতন কাঠামো অনুযায়ী লেভেল-২২ এবং তার উপরের বেতনস্তরের পদে পদোন্নতি দিতে হলে মুখ্যমন্ত্রীর সম্মতি নিতে হবে। রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতর ইতিমধ্যেই সমস্ত সরকারি দফতরকে এ বিষয়ে নির্দেশ দিয়েছে।

কোনও কর্মীকে এই স্তরের পদে উন্নীত করার প্রস্তাব তৈরি হলে সংশ্লিষ্ট ফাইল ওই দফতরের মাধ্যমে মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠাতে হবে। এ ছাড়াও প্রতিটি সরকারি দফতরের কাছে এই ধরনের পদ সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। কোন কোন পদ লেভেল-২২ বা তার বেশি বেতনস্তরের আওতায় পড়ছে, সেখানে সর্বশেষ কবে পদোন্নতি হয়েছে এবং সেই সময় মুখ্যমন্ত্রীর অনুমোদন নেওয়া হয়েছিল কি না, সেই তথ্য সাত দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, উচ্চ বেতনস্তরের পদে পদোন্নতির পুরো প্রক্রিয়াটিই এবার আরও নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে আসছে। সরকারি কর্মীদের বদলির ক্ষেত্রেও ইতিমধ্যে নতুন নীতি কার্যকর করেছে রাজ্য সরকার। ‘হোম ডিস্ট্রিক্টে পোস্টিং নয়’ এই নিয়ম ফিল্ড লেভেল অফিসার থেকে এক্সটেনশন অফিসার পদমর্যাদার কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে জানানো হয়েছে। তবে অবসরের আগের শেষ দুবছরে প্রশাসনিক প্রয়োজন থাকলে নিয়মের ব্যতিক্রম করা যেতে পারে।

একই পদে কতদিন কাজ করার পর বদলি হতে পারেন কর্মীরা, সেটিও স্পষ্ট করে দেওয়া হয়েছে। কোনও পদে টানা তিন বছর দায়িত্ব পালন করার পরেই বদলির জন্য সংশ্লিষ্ট কর্মীকে বিবেচনা করা হবে। আবার সাধারণ পরিস্থিতিতে চার বছরের বেশি কাউকে একই পদে রাখা হবে না। তবে রাজস্ব আদায়, কর সংগ্রহ-সহ গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্বে থাকা আধিকারিকদের ক্ষেত্রে সময়সীমা আরও কম।

Strict rules for promotion of state government employees‌

আরও পড়ুন : বিনামূল্যে মিলবে LPG কানেকশন! উজ্জ্বলা যোজনায় কীভাবে আবেদন করবেন, জানুন পদ্ধতি

বদলির সিদ্ধান্তের সময় শুধু প্রশাসনিক সুবিধাকে গুরুত্ব দিলেই হবে না, জনস্বার্থ এবং সংশ্লিষ্ট জেলার প্রয়োজনীয়তার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। প্রমোশন থেকে বদলি—দুই ক্ষেত্রেই প্রশাসনিক ব্যবস্থাকে আরও নিয়মবদ্ধ করার পথে হাঁটছে সরকার। নতুন নির্দেশগুলি কার্যকর হওয়ার ফলে সরকারি কর্মীদের পদোন্নতি ও বদলির প্রক্রিয়া আরও সুসংবদ্ধ হল।