বিষ্ণুর গোলে সেনাবাহিনীকে টেক্কা দিয়ে ডুরান্ডের সেমিতে উঠেও চিন্তিত হাবাস! দুটি বড় সমস্যা ভোগাচ্ছে ইস্টবেঙ্গলকে

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এসিএল টু-এর যোগ্যতাঅর্জনের আনন্দ এখন অতীত। এখন সামনে লক্ষ্য ডুরান্ড কাপ (Durand Cup 2026) জয়। সেই লক্ষ্য মাথায় নিয়েই আজ কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মির (Indian Army) বিরুদ্ধে মাঠে নেমেছিল আন্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) ইস্টবেঙ্গল (East Bengal)। বেশ কষ্ট করেই সেই ম্যাচে ১-০ ফলে জয় লাভ করে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলো লাল-হলুদ ব্রিগেড।

এদিন ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন পিভি বিষ্ণু। ম্যাচের ৩৮ মিনিটে তার হেড থেকে লিড নেয় ইস্টবেঙ্গল। দলের নতুন অস্ট্রেলিয়ান উইঙ্গার ইকোনোমিডিস বাঁ প্রান্ত থেকে বিপজ্জনক ভাবে উঠে এসে দুর্দান্ত এক ক্রস বাড়ান। ইন্ডিয়ান আর্মির সাইড ব্যাক ও সেন্টার ব্যাকের মধ্যিখান থেকে দুর্দান্ত এক স্পটজাম্পে লাফিয়ে নিখুঁত হেডে গোল করে যান বিষ্ণু। এরপর গোটা ম্যাচে চেষ্টা করেও আর ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল।

তবে এদিন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বেশ ভালো পারফরম্যান্স উপহার দিয়েছে আর্মি। দল হারলেও একাধিকবার হাবাসের দলকে বড় প্রশ্নের মুখে ফেলেছে তারা। গিলের বদলে এই ম্যাচে গোলরক্ষক হিসেবে নামা লাচেন পা ত্রাতা হয়ে না দাঁড়ালে এই ম্যাচ অতিরিক্ত সময় বা টাইব্রেকার অবধিও গড়াতে পারতো।

আরও পড়ুন: দেশের পতাকার মান রাখলো ইস্টবেঙ্গল! কুয়েতের ক্লাবকে টেক্কা দিয়ে ACL 2-এর যোগ্যতা অর্জন লাল-হলুদ শিবিরের

তবে এদিন একাধিক সুযোগ নষ্ট করেন ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ বিদেশি রামিরেজ। তিনি নিজেই হ্যাটট্রিক করতে পারতেন গোটা ম্যাচে। অত্যন্ত সহজ কিছু সুযোগ নষ্ট করেন জেসিন টিকে ও পরিবর্ত হিসেবে নামা বিপিং সিং। গোটা ম্যাচে ইস্টবেঙ্গল যা সুযোগ তৈরি করেছিল তার ৫০ শতাংশও কাজে লাগাতে পারলে হয়তো ৩ বা ৪ গোলের ব্যবধানে জয় পেয়ে যেতো লাল-হলুদ শিবির।

আরও পড়ুন: দূর্গাপুজোর আগেই বড় উপহার পেলো কলকাতা, শহরে আসছে ভিনিসিয়সের ব্রাজিল, মুখোমুখি হবে ভারতীয় দলের

মরশুমের শুরুতে ফিটনেসের অভাবই ইস্টবেঙ্গলের রবিবারের কোয়ার্টার ফাইনালে ছন্নছাড়া ফুটবলের মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তিনদিন আগেই গুরুত্বপূর্ণ এএফসি ম্যাচে ১২০ মিনিট চূড়ান্ত শারীরিক ও স্নায়ুর চাপ সামলাতে হয়েছে দলকে। এদিনের ম্যাচ দেখে মনে হয় গোটা দল সেই ধকল এখনও সামলে উঠতে পারেনি। এছাড়া একজন বিদেশি স্ট্রাইকারের অভাবও ইস্টবেঙ্গলের আক্রমণভাগে প্রকট। এই দুই সমস্যার সমাধান অত্যন্ত দ্রুত খুঁজতে হবে ইস্টবেঙ্গলকে। ইস্টবেঙ্গলের পরবর্তী প্রতিপক্ষ এফসি দিল্লি। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ এফসি রেংডাইকে ৫-১ ফলে উড়িয়ে দিয়েছে তারা। তাদের বিরুদ্ধে ম্যাচে এত ভুল করলে ছাড় পাবে না লাল-হলুদ শিবির।