একসময় সুনামির ভয়াবহ ধাক্কায় কার্যত সর্বস্বান্ত হয়েছিল পরিবার। মাথার উপর ছাদটুকুও হারিয়ে আর্থিক অনটনের সঙ্গে লড়াই করতে হয়েছিল প্রতিটি দিন। কিন্তু সেই কঠিন পরিস্থিতিতেও মেয়েদের পড়াশোনার সঙ্গে কোনও আপস করেননি কৃষক বাবা। তাঁর সেই লড়াই আর দুই মেয়ের অদম্য জেদ ও সফলতাই (Success Story) আজ বদলে দিয়েছে পরিবারের পরিচয়। তামিলনাড়ুর সেই পরিবারের দুই মেয়ে ঈশ্বর্য রমানাথন (Ishwarya Ramanathan) এবং সুস্মিতা রমানাথন (Susmitha Ramanathan)। কঠিন পরিস্থিতিকে হারিয়ে আজ একজন আইএএস, অন্যজন আইপিএস অফিসার। তাঁদের সাফল্যের কাহিনি নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগাবে বহু তরুণ-তরুণীকে।
ঈশ্বর্য ও সুস্মিতার অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story)
২০০৪ সালের ভয়াবহ সুনামি তছনছ করে দিয়েছিল তামিলনাড়ুর বিস্তীর্ণ উপকূলীয় এলাকা। সেই প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রেহাই পায়নি সুস্মিতা ও ঈশ্বর্যদের পরিবারও। বাড়িঘর হারানোর পাশাপাশি চরম আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছিল তাঁদের। সংসার সামলাতে পরিবারের কৃষক বাবাকে কৃষিশ্রমিক হিসেবেও কাজ করতে হয়েছে। কিন্তু এত কিছুর মধ্যেও মেয়েদের ভবিষ্যৎ নিয়ে তাঁর স্বপ্নে কোনও ঘাটতি ছিল না। তিনি বিশ্বাস করতেন, শিক্ষাই পারে দুই মেয়ের জীবন বদলে দিতে। তাই সংসারের কাজে তাঁদের না জড়িয়ে পড়াশোনায় মন দিতে উৎসাহ জুগিয়েছিলেন (Success Story)।
বাবার সেই ত্যাগ বৃথা যেতে দেননি দুই বোন। ছোট মেয়ে ঈশ্বর্য প্রথম থেকেই সিভিল সার্ভিসে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন। ২০১৮ সালে প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় বসেই সর্বভারতীয় ৬২৮তম স্থান অর্জন করেন তিনি। এর ফলে রেলওয়ে অ্যাকাউন্টস সার্ভিসে সুযোগ পেলেও তাতে সন্তুষ্ট হননি ঈশ্বর্য। লক্ষ্য ছিল আইএএস অফিসার হওয়া। সেই স্বপ্ন পূরণে ফের পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। ২০১৯ সালে দ্বিতীয় প্রচেষ্টাতেই সর্বভারতীয় ৪৭তম স্থান দখল করেন তিনি। মাত্র ২২ বছর বয়সে তামিলনাড়ু ক্যাডারের আইএএস অফিসার হন ঈশ্বর্য।
ছোট বোনের সাফল্য বড় বোন সুস্মিতাকেও নতুন করে অনুপ্রাণিত করে। তবে তাঁর লড়াই ছিল আরও দীর্ঘ। একাধিকবার ইউপিএসসি পরীক্ষায় বসেও কাঙ্ক্ষিত সাফল্য পাননি। কিন্তু ব্যর্থতায় ভেঙে না পড়ে নিজের ভুলত্রুটি শুধরে নিয়ে প্রস্তুতি চালিয়ে যান। অবশেষে ২০২২ সালে ষষ্ঠ প্রচেষ্টায় সর্বভারতীয় ৫২৮তম স্থান অর্জন করেন সুস্মিতা। তাঁর হাতেও আসে আইপিএস হওয়ার সুযোগ। বর্তমানে তিনি অন্ধ্রপ্রদেশ ক্যাডারের পুলিশ আধিকারিক। অন্যদিকে, ঈশ্বর্য কর্মরত রয়েছেন তামিলনাড়ু ক্যাডারে।

আরও পড়ুন:শেখ হাসিনার দেশে ফেরা আটকাতে মরিয়া ঢাকা! আমেরিকা-রাশিয়া-চিনের কাছে আবেদন বাংলাদেশের
যে পরিবার একদিন সুনামির তাণ্ডবে সব হারিয়ে নতুন করে বাঁচার লড়াই শুরু করেছিল, আজ সেই পরিবারই দুই মেয়ের সাফল্যে গর্বিত। তাঁদের এই জায়গায় পৌঁছে দেওয়ার নেপথ্যে রয়েছে বাবার অক্লান্ত পরিশ্রম, পরিবারের ত্যাগ এবং দুই বোনের দীর্ঘ অধ্যবসায়। প্রতিকূলতা যে স্বপ্নপূরণের পথে শেষ কথা নয়, বরং শিক্ষা, আত্মবিশ্বাস ও অদম্য ইচ্ছাশক্তি থাকলে কঠিন পরিস্থিতিও জয় করা যায়, সেই বার্তাই দেয় ঈশ্বর্য ও সুস্মিতার জীবন সংগ্রাম (Success Story)।












