বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া (Voter List Name Cancellation) এবং ট্রাইব্যুনাল (SIR Tribunal) শুনানির মধ্যেই এবার পুলিশ বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই করছে বলে অভিযোগ তুলেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammaed Salim)। তিনি স্পষ্ট করেছেন, কে ভোটার হবেন আর কে হবেন না, সেটা নির্ধারণ করার কোনও অধিকার পুলিশের নেই। তাছাড়া এক্ষেত্রে নির্বাচন কমিশন, সিইও কিংবা এইআরও এর ভূমিকায় বা কি থাকছে?
পুলিশ কেন বাড়ি বাড়ি যাচ্ছে, সেলিমের প্রশ্ন
এদিন সেলিম জানান, সুপ্রিম কোর্টে চলমান মামলায় দ্রুত নিষ্পত্তির নির্দেশ থাকলেও বিপুল সংখ্যক মামলা সামলানো ট্রাইব্যুনালের পক্ষে কঠিন। এহেন পরিস্থিতিতে বিভিন্ন এলাকা থেকে খবর আসছে যে স্থানীয় থানা থেকে পুলিশকর্মীরা এমন মানুষদের বাড়িতে যাচ্ছেন, যাঁদের নাম ট্রাইব্যুনালে আটকে আছে। তাঁদের কাছ থেকে পুলিশ পরিচয়পত্র ও অন্যান্য নথি দেখতে চাইছে।

পুলিশের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে সেলিম প্রশ্ন তুলেছেন, কার নির্দেশে থানা থেকে পুলিশ বা সিভিক ভলান্টিয়াররা বাড়ি বাড়ি ঘুরছেন? এরপর জেলার পুলিশ সুপারদের উদ্দেশে তিনি বলেন, নথি যাচাই বা দেখতে চাইলে লিখিতভাবে জানাতে হবে, সরকারি নোটিসের মতো। কোনও আইনেই পুলিশের এই নথি নেওয়ার অধিকার নেই। একই সাথে তিনি আরও বলেন, বিগত তৃণমূল সরকার হোক বা বর্তমানে বিজেপি সরকার। এদের কি পুলিশ ছাড়া আর কোনো দফতর নেই ?
আরও পড়ুনঃ শেখ হাসিনার দেশে ফেরা আটকাতে মরিয়া ঢাকা! আমেরিকা-রাশিয়া-চিনের কাছে আবেদন বাংলাদেশের
সাধারণ মানুষকে তিনি পরামর্শ দিয়েছেন, পুলিশ নথি দেখতে চাইলে দেখিয়ে দিতে আপত্তি নেই। কিন্তু কোনও অবস্থাতেই আসল বা অরিজিনাল নথি পুলিশের হাতে জমা দেওয়া চলবে না। কারণ পুলিশের ওপর মানুষের বিশ্বাস নেই। প্রয়োজনে দেখানো যাবে, কিন্তু হাতে তুলে দেওয়া যাবে না।
যদি কোনও অসুবিধা হয়, বুথ ও এলাকার বাম কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন সেলিম। দলের আইনজীবীরা প্রস্তুত। প্রয়োজনে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভোটার তালিকা সংশোধনের এই পর্যায়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং সেলিম সেই প্রশ্নই সামনে এনেছেন।












