বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১৬৫ রানের ব্যবধানে জয় পেয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে গেলে এই টেস্টে জিততেই হতো ভারতকে। ম্যাচ জিতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) স্বস্তি দিয়েছেন ক্রিকেটাররা। কিন্তু ম্যাচ জিতলেও অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) ফর্ম নিয়ে চিন্তা রয়ে গেলো ভারতীয় ভক্তদের মনে।
এই ম্যাচে শুভমান গিল ব্যাট হাতে দুই ইনিংসেই বড় স্কোর করার মতো সময় পেয়েছিলেন। কিন্তু দুই ক্ষেত্রেই সেট হয়েও তিনি উইকেট ছুঁড়ে আসেন। দুই ইনিংসেই তিনি শ্রীলঙ্কার তারকা স্পিনার জয়সূর্যকে নিজের উইকেট উপহার দিয়েছেন। প্রথম ইনিংসে ২৮ বল খেলে ১৬ রান করে আউট হন শুভমান। দ্বিতীয় ইনিংসে তিনি ২০ বল খেলে ৮ রান করে ড্রেসিংরুমে ফেরেন।

দুই ইনিংসের ক্ষেত্রেই তার আউট হওয়ার ধরণে ছিল সাদৃশ্য। সোজা ব্যাটে না খেলে সুইপ করতে গিয়ে দুই ক্ষেত্রেই নিজের উইকেট হারিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। প্রথম ইনিংসে ব্যাটে-বলে সঠিক সংযোগ না হওয়ায় ক্যাচ উঠে। দ্বিতীয় ইনিংসে বলের লাইন বুঝতে ভুল করে ফের সুইপ করতে গিয়েই এলবিডব্লিউ হন।
আরও পড়ুন: অল্পের জন্য ফসকে গেল রাহুল দ্রাবিড়ের কীর্তি! দুই নম্বরে উঠে এলেন দেবদত্ত পাডিক্কল
অনেকেই মনে করছেন যে নিজের ব্যাটিংয়ের বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত তার। চলতি বছরের শুরু থেকে তিনি ভালো ফর্মে রয়েছেন। এমন পরিস্থিতিতে তার উইকেটটি তুলতে যাতে পরিশ্রম করতে হয় প্রতিপক্ষকে সেই বিষয়টি নিশ্চিত করতে বলছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। অপ্রয়োজনে আগ্রাসী হতে গিয়ে নিজের উইকেটটি যেন বিপক্ষকে তিনি উপহার না দেন সেই বিষয়টি তাকে ভেবে দেখতে বলছেন অনেকেই।
আরও পড়ুন: প্রিয় ক্রিকেটারের সাথে দেখা করতে সাইকেলে ওড়িশা থেকে মুম্বাই! ভক্তের কান্ড দেখে অবাক রোহিত শর্মা
তবে এই সাময়িক ব্যর্থতা তার ওপর বাড়তি চাপ তৈরি করছে না বলেই জানিয়েছেন গিল। তিনি সরাসরি বলেছেন, “আমার ব্যাটিং নিয়ে আমি বেশ আত্মবিশ্বাসী। গলেতে হয়তো খুব একটা ভালো করতে পারিনি, তবে মনে হচ্ছে আমি সঠিক ছন্দে আছি এবং আশা করছি শীঘ্রই একটি বড় ইনিংস খেলতে পারব। কোনও বাড়তি চাপ না নিয়ে নিজের ব্যাটিংটা উপভোগ করতে চাই। এটাই আজ অবধি আমার মূল মন্ত্র। এই মানসিকতা আমাকে ক্রিজে ভালো মানসিক ও শারীরিক অবস্থায় থাকতে সাহায্য করে। অধিনায়কত্বের বিষয়টিও আমি দারুণ উপভোগ করছি এবং তার কোনও বাড়তি চাপ আমার ব্যাটিংয়ের ওপর পড়ছে না।”














