বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে এল বড় বিনিয়োগ (Investment in West Bengal)। কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে যুদ্ধজাহাজ তৈরির পরিকাঠামো আরও বাড়ানো হচ্ছে। এর জন্য মোট ৩৪০০ কোটি টাকা খরচ হবে। রবিবার এই পাঁচটি নতুন প্রকল্পের কাজের সূচনা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
গার্ডেনরিচে শুরু হল ৫টি নতুন প্রকল্প | Investment in West Bengal
গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের অনুষ্ঠানে একসঙ্গে পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই পাঁচটি প্রকল্প হল- রায়চক শিপইয়ার্ড, টিম্বার পন্ড শিপ বিল্ডিং ফ্যাসিলিটি, দামোদর শিপ বিল্ডিং ফ্যাসিলিটি, রেডিয়াল ফোর্জিং প্ল্যান্ট এবং ৩০০০ টন ওপেন ডাই ফোর্জিং প্রেস। এই প্রকল্পগুলির কাজ শুধু গার্ডেনরিচেই সীমাবদ্ধ থাকছে না। খিদিরপুর, শালিমার, রায়চক এবং ইছাপুরেও একই সময়ে ভূমিপুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান হয়েছে।
নতুন এই পরিকাঠামো তৈরি হলে গার্ডেনরিচে যুদ্ধজাহাজ তৈরির ক্ষমতা আরও বাড়বে। নৌবাহিনী এবং প্রতিরক্ষা ক্ষেত্রে জাহাজের চাহিদা মেটাতেও সুবিধা হবে। পাশাপাশি ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিতেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে রাজ্যের মুখ্য সচিব, কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব, জিআরএসই-র আধিকারিক এবং রাজ্য সরকারের প্রতিনিধিরাও ছিলেন। MSME ক্ষেত্রের একাধিক শিল্পপতিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শুভেন্দু অধিকারী বলেন, যুদ্ধজাহাজ তৈরির পরিকাঠামো আরও বাড়ানো হবে। ৩৪০০ কোটি টাকার এই বিনিয়োগের (Investment in West Bengal) পর ভবিষ্যতে বাংলায় আরও বড় বিনিয়োগ আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, বাংলায় জমি, দক্ষ কর্মী, পরিকাঠামো এবং কাঁচামাল সবই রয়েছে। তাঁর কথায়, এখন কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করছে। তাই রাজ্যে বিনিয়োগও বাড়ছে।
এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়েরও প্রশংসা করেন শুভেন্দু। ‘অপারেশন সিঁদুর’ এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণা এবং রাজনাথ সিংয়ের নেতৃত্বে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ কর্মী যত, বেতন যাচ্ছে তার চেয়েও বেশি! তৃণমূল আমলের নিয়োগ খতিয়ে দেখতে KMC-তে ৫ সদস্যের কমিটি
অন্যদিকে, শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন রাজনাথ সিং। তিনি বলেন, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলায় পরিবর্তন এসেছে। রাজ্য উন্নয়নের পথে এগোচ্ছে। আগে বাংলায় শিল্প বন্ধ হওয়ার খবর পাওয়া যেত, এখন বিনিয়োগের খবর পাওয়া যাচ্ছে। বাংলার মাটিতে দেশের প্রতিরক্ষার জন্য নতুন প্রকল্প শুরু হওয়াকেও তিনি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেন (Investment in West Bengal)।













