বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদল হতেই তৃণমূলের হাত ছেড়ে এনসিপিআইয়ে (NCPI) যোগ দিয়েছেন ২০ জন সাংসদ। কাকলি ঘোষ দস্তিদার, রচনা বন্দ্যোপাধ্যায়দের এই দলবদল নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই মামলায় ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া তথা এনসিপিআইয়ে যোগ দেওয়া ২০ জন সাংসদকে নোটিশ দিল শীর্ষ আদালত।
অভিষেকের করা মামলায় কাকলিদের সুপ্রিম-নোটিশ | (Supreme Court)
তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগদানকারী ২০ জন সাংসদের সাংসদপদ খারিজের আবেদন দ্রুত নিষ্পত্তি হোক, এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের অভিযোগ ছিল, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে এই বিষয়ে দাখিল করা আবেদনের নিষ্পত্তিতে দেরি হচ্ছে।
আরও পড়ুনঃ ফের ৫০০ টাকা বার্ধক্য ভাতা বাড়াল রাজ্য, ২০০০ টাকা হল ভাতা, কবে থেকে কার্যকর হবে জেনে নিন
মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহানার বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানেই কাকলি, রচনা সহ ২০ জন এনসিপিআই সাংসদকে নোটিশ দেয় শীর্ষ আদালত। তাঁদের সকলকে নিজেদের বক্তব্য আদালতে জানাতে হবে। মামলার পরবর্তী শুনানি দু’সপ্তাহ পর।
২০ জন ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে আগেই লোকসভার অধ্যক্ষের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। গত জুন মাসে ২০ জন সাংসদকে নিয়ে আলাদা ২০টি চিঠি দেওয়া হয়। এরপর ফের জুলাইয়ে ওম বিড়লার সঙ্গে দেখা করেন তিনি।

অভিযোগ, এরপরেও ওই ২০ জন সাংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক থেকে এনডিএ বৈঠক, সবকিছুতে তাঁরা আমন্ত্রণ পাচ্ছেন। এরপর সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। লোকসভার অধ্যক্ষ ও সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করেন।
এবার সেই মামলার শুনানিতেই ২০ জন এনসিপিআই সাংসদকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। প্রত্যেককে নিজেদের বক্তব্য জানাতে বলা হয়েছে। পরবর্তী শুনানিতে কী হয় আপাতত সেদিকেই নজর সকলের।













