বাংলা হান্ট ডেস্কঃ পার্কস্ট্রিট এলাকায় ফুটপাথে দুধ গরম কাণ্ড ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। মঙ্গলবার ওই পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আবহে ফুটপাথ দখল (Footpath Encroachment) ইস্যুতে সরব হলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, রাজ্যে ফুটপাথ দখল করাটা এক ধরণের ফ্যাশন হয়ে গিয়েছে।
ফুটপাথ দখল ইস্যুতে বিস্ফোরক দিলীপ ঘোষ | (Dilip Ghosh)
শহর কলকাতার সৌন্দর্য বৃদ্ধি ও বাংলায় নতুন শিল্পের বিনিয়োগ আকর্ষণ করতে শহরের ফুটপাথ সম্পূর্ণভাবে দখলমুক্ত করার পক্ষে সওয়াল করেন রাজ্যের মন্ত্রী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “রাজ্যে ফুটপাথ দখল করা এক ধরণের ফ্যাশন হয়ে গিয়েছে। সেখানে যারা বসবাস করেন, তাঁদের আসল সুবিধার চেয়ে রাজনৈতিক দলগুলির কায়েমি স্বার্থ ও লাভ এখানে মুখ্য ভূমিকা নেয়। সেই জন্যই ফুটপাথে বেআইনি বসবাস কিংবা দখলদারি চিরকালের মতো বন্ধ করা সম্ভব হয় না।“
আরও পড়ুনঃ জেলায় জেলায় চালু করা হল অন্নপূর্ণা যোজনা হেল্প ডেস্ক! কী কী সুবিধা মিলছে জানুন
এই বিষয়ে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে দিলীপ বলেন, “শহর কলকাতায় গাড়ির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এদিকে মানুষের নিরাপদে হাঁটার জায়গা নেই। এর উপর ফুটপাথ দখল করে কেউ যদি পানের দোকান দেন, ফল বিক্রি করেন, দুধ গরম করেন, তাহলে সাধারণ মানুষ কোথা দিয়ে হাঁটবে?”
গত শনিবার পার্ক স্ট্রিট এলাকার ফুটপাথে এক মহিলাকে দুধ গরম করতে দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই ভিডিও ভাইরাল হতেই সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশের ক্ষোভের মুখে পড়েন তিনি। বিতর্ক বাড়তেই সোমবার একটি ভিডিও বার্তার মাধ্যমে মন্ত্রী জানান, ব্যস্ত ও সরু ফুটপাথে খোলা অবস্থায় আগুন জ্বালিয়ে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনও মুহূর্তে বিরাট কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেই দিকে নজর রেখেই খাবার তৈরি বন্ধ করতে বলা হয়েছিল।

সোমবারই আবার ফেসবুক লাইভে এসে ওই পরিবারের দায়িত্ব নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মঙ্গলবার ওই পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আবহে ফুটপাথ দখল ইস্যুতে বড় মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।













