বাংলা হান্ট ডেস্কঃ বরানগর-ব্যারাকপুর মেট্রোর (Baranagar-Barrackpore Metro) জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বহু মানুষ। রাজ্যে পালাবদলের পর সেই মেট্রো (Kolkata Metro) প্রকল্পের কাজ গতি পেয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফে এনওসি দেওয়া হয়েছে। এবার এই বরানগর-ব্যারাকপুর মেট্রোয় কোথায় কোথায়, কতগুলি স্টেশন থাকবে সেই নিয়ে সামনে এল বড় আপডেট।
বরানগর-ব্যারাকপুর মেট্রোয় কতগুলি স্টেশন থাকবে? | (Baranagar-Barrackpore Metro)
জানা গিয়েছে, কলকাতা মেট্রোর প্রস্তাবিত পিঙ্ক লাইনে মোট ১১টি এলিভিটেড স্টেশন থাকার কথা। দক্ষিণ থেকে উত্তর দিকে সেই স্টেশনগুলি হল, বরানগর, কামারহাটি (কৃষ্ণকালী), আগরপাড়া (আচার্য প্রফুল্লচন্দ্র), পানিহাটি (শরৎচন্দ্র), সোদপুর (গান্ধী আশ্রম), সুভাষনগর (সুখচর), খড়দহ (ঋষি বঙ্কিম), টাটা গেট (ড. রাজেন্দ্র প্রসাদ), টিটাগড় (শাহনওয়াজ খান), তালপুকুর (অনুকূল ঠাকুর), ব্যারাকপুর (মঙ্গল পান্ডে টার্মিনাল)।
আরও পড়ুনঃ ফ্রি বাস পরিষেবার জন্য মাস্ট! অনলাইন ও অফলাইনে পিঙ্ক কার্ড বানানোর পদ্ধতি জানুন
বরানগর-ব্যারাকপুর মেট্রোর এই ১১টি স্টেশনের মধ্যে সোদপুর, পানিহাটি ও সুভাষনগর স্টেশন নিয়ে মানুষের আগ্রহ প্রবল। প্ল্যান অনুসারে, সোদপুর স্টেশন বেঙ্গল কেমিক্যালের কাছে, পানিহাটি স্টেশন পুরসভার সামনের এলাকায় ও সুভাষনগর স্টেশন গোদরেজ প্রকৃতি ও ম্যাক্সিমাসের মধ্যবর্তী এলাকায় হওয়ার কথা।
এদিকে কলকাতার মেট্রোর প্রস্তাবিত পিঙ্ক লাইন বরানগরে এসে ব্লু লাইনের সঙ্গে জুড়ে যাবে। ফলে ব্যারাকপুর, টিটাগড়, খড়দহ, সোদপুর, আগরপাড়া এলাকার যাত্রীরা মেট্রো করে বরানগর অবধি এসে সেখান থেকে কলকাতা শহরের নানা প্রান্তে যাওয়ার মেট্রো ধরতে পারবেন।

এই মেট্রো রুট চালু হলে একদিকে যেমন শহরতলির যাত্রীদের কলকাতা যাতায়াত আরও সুবিধার হবে। তেমনই অফিস টাইমে বিটি রোডে নিত্যদিনের যানজটের সমস্যাও অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে।
এদিকে বরানগর-ব্যারাকপুর মেট্রোর কাজ গতি পেতেই রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং ব্যারাকপুর থেকে কল্যাণী এইমস অবধি মেট্রো পরিষেবা চালু নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতে কল্যাণী রোড ধরে মেট্রো রেলকে এইমস অবধি নিয়ে যাওয়া যেতে পারে। তাঁর এই ঘোষণা শুনে আশায় বুক বেঁধেছেন অনেকে।













