বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আফগানিস্থানের বিরুদ্ধে (Afghanistan vs India) ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কিন্তু গৌতম গম্ভীরের (Gautam Gambhir) এই ভারতীয় দলে (Indian Cricket Team) জায়গা হয়নি তারকা অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়ার (Krunal Pandya)। তার বদলে অফফর্মের মধ্যে থাকা ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ফের একবার জায়গা পেয়েছেন ভারতের স্কোয়াডে।
গত দুই মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইপিএল খেতাব জয়ের পেছনে অন্যতম বড় কারণ ছিল সিনিয়র পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্স। চলতি বছরের মিলিয়ন ডলার লিগে তিনি ৯ ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমে ১৪৫.৮০ স্ট্রাইক রেটে ২২৬ রান করেছেন। তার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৪ উইকেট। কিন্তু তাও ভারতীয় দলের দরজা খোলেনি তার জন্য।

তার বদলে ভারতীয় দলে ক্রমাগত সুযোগ পাওয়া ওয়াশিংটন সুন্দর। নিজের শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে তিনি মাত্র ৮৮ রান করেছেন। আর এই পাঁচ ম্যাচে তিনি বল হাতে একটিও উইকেট পাননি এবং রান বিলিয়েছেন ১০-এর ও বেশি ইকোনমি রেটে। তাও কেন তাকে ধারাবাহিকভাবে সুযোগ দিচ্ছেন গম্ভীর, সেই নিয়ে উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: ভারতীয় দলে ফিরছেন বুমরা! তারকা বোলারকে সুস্থ ও তরতাজা রাখতে বিশেষ পরিকল্পনা BCCI-এর
তবে এখনই আশা ছাড়ছেন না ক্রুণাল পান্ডিয়া। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তিনি ভারতের দল ঘোষণার পরে একটি বার্তা শেয়ার করেছেন। সেই বার্তার বাংলা অর্থ করলে তার মানে দাঁড়ায়, “আশা এখনও শেষ হয়ে যায়নি।” অনেকেই তার এই বার্তা দেখে ধারণা করছেন যে তিনি হয়তো ভারতের জার্সি গায়ে আগামী এশিয়ান গেমসে মাঠে নামার স্বপ্ন দেখছেন। জাপানের মাটিতে চলতি মাসেই এই প্রতিযোগিতা আরম্ভ হবে। ২০২৩ সালের পর ২০২৬-এও স্বর্ণপদক জয়ের লক্ষ্যে মাঠে নামবে ভারত।
আরও পড়ুন: প্রিয় ক্রিকেটারের সাথে দেখা করতে সাইকেলে ওড়িশা থেকে মুম্বাই! ভক্তের কান্ড দেখে অবাক রোহিত শর্মা
আফগানিস্থান সিরিজের জন্য ভারতের সম্পূর্ণ স্কোয়াড:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিশ্নই, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা













